Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটা পুরসভায় চেয়ারম্যান-ইন-কাউন্সিল গঠন, বোর্ড মিটিং করে একগুচ্ছ কাজের কথা জানালেন নয়া চেয়ারপার্সন

দিনহাটা পুরসভায় চেয়ারম্যান-ইন-কাউন্সিল গঠন, বোর্ড মিটিং করে একগুচ্ছ কাজের কথা জানালেন নয়া চেয়ারপার্সন
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: দায়িত্ব পেয়ে সোমবার প্রথম বোর্ড মিটিং করলেন দিনহাটা পুরসভার নতুন চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী। পুরসভার উন্নয়নের জন্য চেয়ারম্যান-ইন-কাউন্সিল তৈরি করা হয় এদিনই। তিনজন কাউন্সিলার ও চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যানকে নিয়ে তৈরি হয় দল। তবে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলারদের দপ্তর বণ্টন করা হয়নি এদিন। শহরের উন্নয়নের জন্য ২ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ জানুয়ারি থেকে আম্রত-২ প্রকল্পের আওতায় পানীয় জলের কাজ শুরু করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 
Advertisement
ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ বিতর্কে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গৌরীশঙ্কর মাহেশ্বরী। নতুন বছরের শুরুতেই নতুন চেয়ারম্যান নির্বাচিত হয় দিনহাটা পুরসভায়।  দায়িত্বভার নেওয়ার পরেই সোমবার হল প্রথম বোর্ড মিটিং।  দিনহাটা শহরের একাধিক ওয়ার্ডে রাস্তার হাল খারাপ। তাই রাস্তা সংস্কারের জন্য রাজ্যে সরকার থেকে বরাদ্দ এসে পৌঁছেছে। ২ কোটি ৫৩ লক্ষ টাকা দিয়ে শহরের পাঁচটি রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নিল পুরবোর্ড। ৭ নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দ হয়েছে ৬৩ লক্ষ টাকা। 
এছাড়াও ১৫ নম্বর ওয়ার্ডে জন্য ৭৩ লক্ষ, ১২ নম্বর ওয়ার্ডে ১৬ লক্ষ, ৮ নম্বর ওয়ার্ডে ৫৪ লক্ষ এবং ১৬ নম্বর ওয়ার্ডের জন্য ৪৬ লক্ষ টাকা খরচ করা হবে রাস্তা তৈরিতে। শহরের পানীয় জল সংযোগের জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আম্রুত-২ প্রকল্পের আওতায় সেই টাকা দিয়ে শুক্রবার থেকে কাজ শুরু করা হবে। 
চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান সহ চেয়ারম্যান-ইন-কাউন্সিলের সদস্য হয়েছেন চঞ্চল সাহা, শম্ভু অধিকারী, বাবলু সাহা। এই তিন কাউন্সিলারকে এরমধ্যেই দপ্তর বণ্টন করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার নয়া চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী বলেন, ১৭ জানুয়ারি থেকে পানীয় জলের কাজ শুরু করা হবে। ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানিয়েছেন, চেয়ারম্যান-ইন-কাউন্সিল গঠন করা হয়েছে। শীঘ্রই তাঁদের দপ্তর বণ্টন করা হবে। ২ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে শহরে পাঁচটি রাস্তায় পিচের কাজ হবে।
সম্পর্কিত সংবাদ