Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটায় পুলিস পরিচয় দিয়ে মাছবোঝাই গাড়ি ছিনতাই

দিনহাটায় পুলিস পরিচয় দিয়ে মাছবোঝাই গাড়ি ছিনতাই
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: পুলিস পরিচয় দিয়ে মাছ বোঝাই পিকআপ ভ্যান ছিনতাই দিনহাটায়। কিন্তু পিকআপ ভ্যানটি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে যায়। বাধ্য হয়ে মাছ নিয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে। চালক ও খালাসির কাছে থাকা সমস্ত টাকা-পয়সাও নিয়ে যায় তারা। এই ঘটনায় মাছ বোঝাই গাড়ির চালক ও খালাসি মজিবর রহমান এবং নাজমুল মিয়াঁ জখম হয়েছেন। জখম চালক ও খালাসি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, শনিবার গঙ্গারামপুরের মাছ নিয়ে নিগমনগর আড়তে  যাচ্ছিল গাড়িটি। গভীর রাতে সাহেবগঞ্জ রোড রেলগেট সংলগ্ন এলাকায় দু’টি বাইকে চারজন যুবক গাড়িটিকে মাঝরাস্তায় আটকায়। নিজেদের পুলিস বলে পরিচয় দিয়ে টাকা দাবি করে। গাড়ির চালক টাকা দিতে অস্বীকার করে দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আরও কিছু যুবক এসে গাড়িটি আটক করে। গাড়ির চালক ও খালাসি দু’জনকে মারধর করে। দু’জনের চোখমুখ বেঁধে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। তাদেরকে অন্য সিটে সরিয়ে অন্যএকজন গাড়ি চালানো শুরু করে। কিন্তু পুঁটিমারিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। সেই সময় গাড়ি থেকে মাছগুলি নামিয়ে গাড়ি ফেলে চলে যায় দুষ্কৃতীরা। কোনওক্রমে বাঁধন ছড়িয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে এসে পৌঁছান গাড়ির চালক ও খালাসি। এখন তাঁরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 
দিনহাটা থানার পুলিস ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে তারা। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ঘটনার তদন্ত চলছে। 
সম্পর্কিত সংবাদ