Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটায় দিল্লি পুলিসের টিম, সরব মন্ত্রী উদয়ন

দিনহাটায় দিল্লি পুলিসের টিম, সরব মন্ত্রী উদয়ন
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব যাচাই করতে দিল্লি পুলিসের বিশেষ টিম হাজির হয়েছে দিনহাটাতে। দিনহাটার একাধিক জায়গায় ঘুরে ঘুরে বাসিন্দাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে তারা। আধার কার্ড, রেশন কার্ড, ভোটের কার্ডের তথ্য যাচাই করা হচ্ছে। দেশের রাজধানীতে অবস্থিত বাঙালি নাগরিকদের তথ্য যাচাইয়ের নামে হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটাতে এসে বাঙালিদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে দিল্লি পুলিস, অভিযোগ তুলেছেন তিনি। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্র সরকারের, তারা তা করতে ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকতেই বাঙালিদের উপর অত্যাচার করছে কেন্দ্রের বিজেপি সরকার বলে মন্ত্রী দাবি করেছেন। যদিও বিজেপির দাবি, দেশের সুরক্ষার স্বার্থেই তদন্ত করছে দিল্লি পুলিস। 
Advertisement
দিনহাটার বাসিন্দা হাসানুর শেখ বলেন, আমার বাবা শহিদুল শেখ দিল্লিতে রয়েছেন। তাঁর সম্পর্কে তথ্য যাচাই করার জন্যই আমার বাড়িতে দিল্লি পুলিসের দুই সদস্য এসেছিলেন। আমার বাবা-মা’র সম্পর্কে সমস্ত তথ্য তাঁদের হাতে তুলে দিয়েছি। 
তৃণমূল কংগ্রেস পরিচালিত নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েত সদস্য নবীরউদ্দিন মিয়াঁ বলেন, দিল্লি পুলিসের চার সদস্য আমাদের গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন। এখানকার একাধিক বাসিন্দা সম্পর্কে তথ্য চেয়েছেন তাঁরা। প্রায় দেড়শজনের তথ্য দিল্লি পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা সকলেই ভারতীয় নাগরিক। 
মন্ত্রী উদয়ন গুহ বলেন, দেশের রাজধানীতে বসবাসকারী বাঙালিদের তথ্য নিতে দিনহাটায় হাজির হয়েছে দিল্লি পুলিস। বাঙালি নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে রাতের ঘুম নষ্ট করছে তারা। অযথা হয়রানি করা হচ্ছে। বিএসএফ সীমান্তে অনুপ্রবেশ রুখতে পারছে না। তার ব্যর্থতা ঢাকার জন্য বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে। 
কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, দেশের সুরক্ষার স্বার্থেই তদন্ত চলছে। এই রাজ্য জঙ্গিদের আঁতুড়ঘর বানাতে চাইছে তৃণমূল নেতারা। সেই জন্যই দিল্লি পুলিসের তদন্ত নিয়ে আপত্তি তাদের।
সম্পর্কিত সংবাদ