সংবাদদাতা, দিনহাটা: রবিবার একাধিক দাবিতে দিনহাটা কোচবিহার রাস্তা অবরোধ করে সিপিএমের একাধিক শাখা সংগঠন। তাদের দাবি, জাল ওষুধে প্রসূতি মৃত্যু হয়েছে এই রাজ্যে। সে নিয়ে আন্দোলনকারী ছাত্র যুব মহিলাদের উপর পুলিসি দমন পীড়ন করা হয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে তিন দিন ধরে টিটেনাস ইনজেকশনের সঙ্কট। রাজ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য হ্যান্ড ওয়াশে অপ্রতুলতা। স্বাস্থ্যক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে দুপুরে দিনহাটা বাইপাসের কাছে বুড়িপাঠ সংলগ্ন দিনহাটা-কোচবিহার সড়কে সিপিএমের ছাত্র যুব ও মহিলা সংগঠন অবরোধ করে। প্রায় ত্রিশ মিনিট ধরে পথ অবরোধ চলে। সেই সময় দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। অবরোধের খবর পেয়ে বিশাল পুলিস বাহিনীর ঘটনাস্থলে পৌঁছয়। প্রশাসনের হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায়। অবরোধে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, জেলা কমিটি সদস্য মনিরুল মিয়াঁ, এসএফআই জেলা সম্পাদক মণ্ডলির সদস্য আবির দেব, অঙ্কন করঞ্জাই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদক মণ্ডলির সদস্য সুজাতা চক্রবর্তী প্রমুখ।



