Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটায় আগ্নেয়াস্ত্র সহ পুলিসের জালে ২

দিনহাটায় আগ্নেয়াস্ত্র সহ পুলিসের জালে ২
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: মঙ্গলবার রাতে অস্ত্র নিয়ে দিনহাটা শহরে প্রবেশের মুখে গ্রেপ্তার হয়েছে দু’জন। ওই রাতে দিনহাটা শহরের কলেজ মোড় বাইপাসে চার চাকার একটি গাড়ি দাঁড় করায় পুলিস। গাড়িতে থাকা দু’জনকে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে একজন হামিদুল হক দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার সঙ্গী নয়ন দাসের বাড়ি শহর সংলগ্ন বাঁশতলায়। বুধবার দু’জনকে দিনহাটা অতিরিক্ত বিচার বিভাগীয় আদালত ১-এ তোলা হয়। ধৃতদের ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃতরা দিনহাটায় কেন আসছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আফিসাররা। 
Advertisement
মাদক পাচারের ব্যবসায় আগ্নেয়াস্ত্র ব্যবহার বাড়ছে দিনহাটায়। পুজোর আগে একদল মাদক ব্যবসায়ীকে একাধিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল পুলিস। দিনহাটা রথবাড়িঘাট সংলগ্ন ওই গ্যাংয়ের সদস্যরা মাদকের আমদানি করত। রাতেরবেলা গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে ওই গ্যাং লুটপাট চালাত। পুজোর আগেই ওই গাংয়ের তিন সদস্যকে পুলিস গ্রেপ্তার করে। মাস্টারমাইন্ড এখনও জেলে। তারপরেই কিছুটা থিতিয়ে আসে মাদকের ব্যবসা। 
সেই ফাঁকা জায়গায় নতুন গ্যাং তৈরি করার চেষ্টা হচ্ছে বলে পুলিসের অনুমান। ভিনজেলা থেকে মাদক এনে সরবরাহ করার চেষ্টা হচ্ছে দিনহাটায়। সেই খবর পেয়েই নাকা চেকিং বসানো হয়। তাতেই আটক হয় গাড়িটি। গাড়িতে মাদক না মিললেও অস্ত্র সহ দু’জন ধরা পড়ে। দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বলেন, আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দু’জনকে হেফাজতে পাওয়া গিয়েছে।
সম্পর্কিত সংবাদ