নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডেঙ্গু রোধে নিজেই অভিযানে নামলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সোমবার তিনি নিজের ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই অভিযান শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে টব, টায়ার কিংবা কোথাও কোনও পাত্রে জল জমে রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে নির্দেশ দেন। বাকি ওয়ার্ডেও একইভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান।
Advertisement
এদিন ভাইস চেয়ারম্যান বলেন, প্রতিমাসের শেষসপ্তাহ থেকে পরের মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৫ দিন ধরে বিভিন্ন ওয়ার্ডে এই বিশেষ অভিযান চলবে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে। শহরে ইতিমধ্যেই একজনের ডেঙ্গু ধরা পড়েছে। ফলে কেউ যাতে বাইরে কোনও পাত্রে জল জমিয়ে না রাখেন, সেব্যাপারে আবেদন জানানো হচ্ছে। তাছাড়া বাড়ির ভিতরে রাস্তার ধারে স্ক্র্যাপ ফেলে রাখা যাবে না। শহরের নিকাশিনালা, রাস্তার পাশে পড়ে থাকা বর্জ্য এসবও যাতে নিয়মিত পরিষ্কার হয়, সেব্যাপারে পুরকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।



