সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের একাধিক গ্রামে ঢুকে পড়ে হাতির দল। চিলাপাতা বনবস্তির তিনটি হাতি ব্লকের উত্তর কামসিং, ডোব্বোর হাট ও নাথুয়াটারিতে ঢুকে পড়ে। বেলা একটু বাড়তেই পরে হাতির দলটি চিলাপাতার জঙ্গল লাগোয়া ‘মনের মানুষ’ পিকনিক স্পটের পাশে দাঁড়িয়ে থাকে। দীর্ঘক্ষণ পর একটি হাতি চিলাপাতার জঙ্গলে ঢুকে গেলেও, বাকি দু’টি হাতি সারাদিন ওই পিকনিক স্পটের পাশেই দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে ঘটনাস্থলে আসেন চিলাপাতা রেঞ্জ ও সোনাপুর ফাঁড়ির পুলিসকর্মীরা। চিলাপাতার রেঞ্জার সুদীপ্ত ঘোষ বলেন, একটি হাতি জঙ্গলে ঢুকে গিয়েছে। বাকি দু’টি হাতিকেও জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।



