Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনে দুপুরে চুরি, গঙ্গারামপুরে খোয়া গেল মেয়ের বিয়ের গয়না, চাঞ্চল্য

দিনে দুপুরে চুরি, গঙ্গারামপুরে খোয়া গেল মেয়ের বিয়ের গয়না, চাঞ্চল্য
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার গঙ্গারামপুর শহরের ১৮নম্বর ওয়ার্ডের কালদীঘি এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হোটেল ব্যবসায়ী সুরেশ কর্মকারের বাড়িতে দিনে দুপুরে হানা দেয় চোরের দল। ব্যবসায়ীর টিনের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ অর্থ ও সোনার গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর মেয়ে বাড়িতে গেলে বিষয়টি চাক্ষুস করেন। ঘটনা জানাজানি হতেই হইচই পরে যায়। গঙ্গারামপুর থানার পুলিস এসে প্রাথমিক তদন্ত শুরু করে। 
Advertisement
স্থানীয় ও ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ফাল্গুন মাসে ওই বাড়িতে বিয়ের অনুষ্টান রয়েছে। কালদীঘি হাসপাতালের পাশে হোটেল ব্যবসা করে তিলে তিলে মেয়ের বিয়ের জন্য  টাকা ও গয়না বানিয়েছিল ব্যবসায়ীর পরিবার। দুষ্কৃতীরা সর্বস্ব চুরি করায় চরম বিপদে পড়েছেন তারা। চুরি যাওয়া গয়না এবং টাকা উদ্ধারের জন্য গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয়েছে পরিবারটি। দিনে দুপুরে চুরির ঘটনা সামনে আসতেই ঢিলেঢালা নিরাপত্তাকে দায়ী করছেন শহরবাসী। হোটেল ব্যবসায়ী সুরেশ কর্মকার বলেন, আমি ও আমার স্ত্রী দুজনে সকালে এসে হোটেল খুলি। তারপর দোকানে সাহায্যের জন্য এসেছিল মেয়ে। বাড়িতে তালা মেরেই বেরিয়েছিল। দুপুরে বাড়ি ফাঁকা পেয়ে সর্বস্ব চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। ফাল্গুন মাসে মেয়ের বিয়ে। গয়না এবং নগদ অর্থ পুলিস উদ্ধার করে না দিলে হয়তো সেটা আর হবে না। গঙ্গারামপুর থানায় বিষয়টি জানিয়েছি। 
গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গঙ্গারামপুর শহরের ১৮নম্বর ওয়ার্ডে চুরির ঘটনা সামনে এসেছে। এখনও পরিবারের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। দুষ্কৃতী রুখতে তৎপর গঙ্গারামপুর থানা। 
সম্পর্কিত সংবাদ