সংবাদদাতা, বালুরঘাট: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন নিয়ে চাঁদার জুলুমের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ শিক্ষক। এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে অস্বীকার করায় বালুরঘাটের রঘুনাথপুরে এক শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে। শিক্ষকের বাড়িতে দরজা-জানালায় লাথি মারা হয়। আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন ওই দম্পতি।
Advertisement
ঘটনায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তরা ক্লাবের কেউ নন বলে দাবি করেছেন নেতাজি স্মৃতি ক্লাবের সম্পাদক অমিতাভ সরকার। বলেছেন, অভিযুক্তরা ক্লাবের কেউ নয়। ক্লাবের নাম ভাঙিয়ে কেউ এই অপকর্ম করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় আমরা নেতাজির জন্মদিন উদযাপনও বাতিল করেছি। কুমারগঞ্জের বাসিন্দা মহাদেব সাহা কয়েক মাস আগে তাঁর মেয়ের জন্য রঘুনাথপুরে বাড়ি তৈরি করেন। মেয়ে মহুয়া সাহা ও তাঁর স্বামী অনুপ সরকার সেখানেই থাকেন। অভিযোগ, এলাকায় নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য স্থানীয় ক্লাবের নাম করে কয়েকজন মহুয়া ও অনুপের কাছে এক লক্ষ কুড়ি হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় দাদাগিরি। মহাদেবের অভিযোগ, রাতে কয়েকজন এসে দরজায় লাথি মারে। জানালা ভাঙার চেষ্টা করে। মেয়েকে গালিগালাজ করেছে। আমরা আতঙ্কে আছি। মহাদেববাবু বলেন, বাড়ি তৈরির সময় স্থানীয় মন্দির নির্মাণে আর্থিক সাহায্য করেছিলাম। এতদিন কিছু হয়নি। হঠাৎ কেন এমন চাঁদার জুলুম, বুঝতে পারছি না। অভিযোগকারী অনুপ সরকার বলেন, আমরা আতঙ্কে আছি। পুলিসে অভিযোগ করেছি। ক্লাব সদস্যরা বার বার হুমকি দিচ্ছে। ডিএসপি সদর বিক্রমপ্রসাদ বলেন, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।



