সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সাতসকালে মাটি ভর্তি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ট্রাক্টরে বসে থাকা বৃদ্ধের। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সকালে ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দ্বেগুন এলাকার। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আয়নাল হক (৬৫)। জখম হয়েছেন ট্রাক্টর চালক মতিউর রহমান (৩০) ও ইটভাটার শ্রমিক আল মামুন (২৬)। তাঁদের বাড়ি মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহন্তপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দ্বেগুন এলাকার ইটভাটা থেকে ট্রাক্টরটি ইটভর্তি করে রতুয়ার দিকে যাচ্ছিল। রতুয়ার বালুপুর হাটে যাওয়ার জন্য ট্রাক্টরে উঠেছিলেন বৃদ্ধ আয়নাল। চাঁচলের দিক থেকে আসা মাটি ভর্তি ডাম্পারটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ট্রাক্টরটিকে।



