নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে দিল্লি রোডে বেপরোয়া গতিতে আসা ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রামবাবু রায় (৪৭)। তিনি ডানকুনির চাকুলি এলাকার বাসিন্দা ছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাইক চালিয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুর থেকে ডানকুনির দিকে যাচ্ছিলেন তিনি। ভূষণ জল ট্যাংকের কাছে একটি মালবোঝাই ডাম্পার তাঁকে ওভারটেক করতে গিয়ে পিষে দেয়। আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রামবাবুকে মৃত বলে জানান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। এদিকে দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ট্রাফিক সিগনাল না থাকা ও পুলিস থাকে না বলে এলাকা রীতিমত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। এর পাশাপাশি জানা গিয়েছে, একটি কালভার্ট তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলছে। সে কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। পুলিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে ক্ষোভ প্রশমন করে।



