Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে টোটো চালকের মৃত্যু

ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে টোটো চালকের মৃত্যু
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক টোটো চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন টোটোর এক যাত্রী। শনিবার রাতে কান্দি-পাঁচথুপি রাজ্য সড়কে বড়ঞা থানার সাটিতাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দীপঙ্কর বাগদি ওরফে রমেশ(৩০)। বাড়ি কান্দি থানার রুদ্রবাটি গ্রামে। পুলিস ডাম্পারটি আটক করলেও চালক পলাতক। পুলিস টোটোটি উদ্ধার করেছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে খাবার খেয়ে রমেশ টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেলের দিকে কান্দি বাইপাস থেকে যাত্রী নিয়ে বড়ঞা থানার ডাকবাংলা গ্রামে গিয়েছিলেন। রাত সাড়ে ৮টা নাগাদ ডাকবাংলা গ্রাম থেকে এক যাত্রীকে নিয়ে কান্দির দিকে আসছিলেন। আটিতাড়া গ্রামের কাছে একটি ডাম্পা টোটোতে ধাক্কা মারে। টোটোর যাত্রী দূরে ছিটকে পড়েন। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। টোটোটি দুমড়ে মুচড়ে যায়। তাতেই চালকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিস দেহ উদ্ধার করে।  প্রত্যক্ষদর্শী নিয়ামত শেখ বলেন, ভয়াবহ দুর্ঘটনা। ডাম্পারটি টোটো চালককে কিছুটা রাস্তা টেনে নিয়ে গিয়েছিল। মৃতের রক্তমাংস রাস্তায় লেগে ছিল। মৃতের পিসি উত্তরা দাস বলেন, রমেশের দু’টি নাবালক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ছিল। ওর মৃত্যুতে পরিবারের সকলেই ভেঙে পড়েছে।
সম্পর্কিত সংবাদ