Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে অজানা জ্বরে এক ছাত্রীর মৃত্যু

ডোমকলে অজানা জ্বরে এক ছাত্রীর মৃত্যু
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: চারদিনের অজানা জ্বরে এক কিশোরীর মৃত্যু হল। শনিবার রাতে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই মৃত্যু হয় তার। মৃতার নাম সুরাইয়া খাতুন(১৭)। বাড়ি ডোমকল থানার পঞ্চাননপুর। তবে মামার বাড়ি শিবনগরে থেকে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত সে। পরিবারের দাবি ডেঙ্গু, ম্যালেরিয়ার পরীক্ষা করা হয়েছিল। কিন্তু নেগেটিভ রেজাল্ট আসে। পরিবারের অভিযোগ, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক রোগ ধরতে পারেননি। আগে রেফার করলে হয়তো তাকে বাঁচানো যেত।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জ্বর হয় সুরাইয়ার। শুক্রবার জ্বরের প্রকোপ বাড়ায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষাও করা হয়। কিন্তু রোগ নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। শনিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
 মৃতের মামা রবিউল আওয়াল বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল সত্ত্বেও সেখানকার চিকিৎসকরা রোগ নির্ণয় করতে পারলেন না। একদম শেষ মূহূর্তে রেফার করা হয়। আরও আগে রেফার করতে পারতেন। তা হলে হয়তো ভাগ্নিকে বাঁচানো যেত।
হাসপাতাল সুপার সৌরভ শীল বলেন, দেরিতে রেফার করা হয়েছিল কি না তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলব। মেডিক্যাল রিপোর্টও খতিয়ে দেখব।
সম্পর্কিত সংবাদ