সংবাদদাতা, ডোমকল: ডোমকলের জিতপুরে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতপুরের কালীবেলতলায় ওই মন্দিরে শিব, কালী, নিতাই-গৌর ও শীতলা পুজো হয়। পুজোর জন্য মন্দিরে পিতলের প্রচুর সামগ্রী রাখা ছিল। শনিবার সকালে পাড়ার লোকজন মন্দিরে এসে গেটের তালা ভাঙা দেখতে পান। ভিতরে থাকা বিভিন্ন সামগ্রীও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। চুরি হয়েছে বলে তাঁরা বুঝতে পারেন। মন্দির কমিটির দাবি, পিতলের ধূপদানি ও প্রদীপ সহ বেশকিছু সামগ্রী চুরি হয়েছে। পাশপাশি মন্দিরের প্রণামী বাক্সে থাকা প্রায় ৫০০টাকাও চুরি গিয়েছে। মন্দির কমিটির এক সদস্য বলেন, মন্দিরের ভিতর থেকে একাধিক পিতলের জিনিসপত্র চুরি গিয়েছে। শুক্রবার রাতেই চুরি হয়েছে বলে আমাদের অনুমান। পুলিসে অভিযোগ দায়ের করব। ডোমকল থানায় পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগ হলে খতিয়ে দেখা হবে।



