সংবাদদাতা, ডোমকল: ডোমকলে উনুন থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হল দু’টি বাড়ি। শুক্রবার দুপুরে ডোমকলের ঝাউবাড়িয়ায় ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও দু’টি বাড়ির বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে উনুনের আগুন থেকে হঠাৎ করেই হামিদুল মণ্ডলের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে খুব একটা কাজ হয়নি। আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী রফিকুল মোল্লার বাড়িতেও। খবর পেয়ে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই বাড়ির সমস্ত জিনিস ভস্মীভূত হয়। লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। স্থানীয় বাসিন্দা মুকলেসুর মিঞা বলেন, এদিন দুপুরে সবাই নামাজ পড়তে গিয়েছিল। হঠাৎ সামনের বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পাই। তড়িঘড়ি আমরা কয়েকজন মিলে নলকূপ থেকে জল এনে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে দমকল আসে। শুনলাম রান্নার সময় উনুন থেকেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ডোমকল ফায়ার স্টেশনের লিডার কৃষ্ণ কর্মকার বলেন, স্থানীয় লোকজনের কাছে শুনলাম রান্না করতে গিয়ে আগুন লাগে। আগুনে দু’টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাস্তা সংকীর্ণ থাকায় আমাদের ঢুকতে সমস্যা হয়েছিল।



