Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে বধূকে খুনের অভিযোগে স্বামী ও শ্বশুর গ্রেপ্তার

ডোমকলে বধূকে খুনের অভিযোগে স্বামী ও শ্বশুর গ্রেপ্তার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ডোমকলে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে ডোমকলের হিতানপুরে শ্বশুরবাড়িতে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম মামনি বিবি(১৯)। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ডোমকল থানার পুলিস। বধূর শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ডোমকল থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাপেরবাড়ির লোকজন। বধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিস। খুন নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিস। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে মামনির সঙ্গে ওই এলাকার যুবক পিন্টু মণ্ডলের বিয়ে হয়। বধূর পরিবারের লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকাপয়সা আনার জন্য শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শশুরবাড়ির লোকজন। তাঁদের আরও অভিযোগ, দাবিমতো টাকা দিতে না পারায় মেয়ের উপর মারধর ও অত্যাচার চালানো হতো। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির একটি ঘরে মামনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। দ্রুত তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যান মৃতার বাপেরবাড়ির লোকজন। সেখানে গিয়ে তাঁরা মেয়েকে খুন করা হয়েছে অভিযোগ তুলে সরব হন। পরে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপরই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ সুরতহাল করা হয়। বধূর শ্বশুরবাড়ির লোকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বাপেরবাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামী পিন্টু মণ্ডল ও শ্বশুর আনসারি মণ্ডলকে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিস। মৃতার পরিবারের এক সদস্য বলেন, আমাদের মেয়েটা খুব ভালো ছিল। শ্বশুরবাড়ির লোকজন প্রায়শই টাকাপয়সার জন্য ওর উপর অত্যাচার চালাত। মারধরও করত। ওর শ্বশুরবাড়ির লোকেরাই ওকে মেরে ঝুলিয়ে দিয়েছে।
সম্পর্কিত সংবাদ