Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দমকল বিভাগে খুব তাড়াতাড়ি এক হাজার কর্মী নিয়োগ, জানালেন মন্ত্রী

দমকল বিভাগে খুব তাড়াতাড়ি এক হাজার কর্মী নিয়োগ, জানালেন মন্ত্রী
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দমকল বিভাগে একহাজার কর্মী নিয়োগ হবে। মঙ্গলবার সপরিবারে তারাপীঠে পুজো দিয়ে এমনটাই জানালেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ৯ জানুয়ারি হাওড়ার বাবুঘাট থেকে ৫০টি দমকলের ইঞ্জিন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে এই জেলার দুবরাজপুর ও তারাপীঠের দমকলকেন্দ্রের জন্য একটি করে ইঞ্জিন দেওয়া হবে।
Advertisement
সোমবার রাতেই সপরিবারে তারাপীঠে আসেন দমকলমন্ত্রী। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি পুজো দেন। গর্ভগৃহ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তারাপীঠে স্থায়ী দমকলকেন্দ্র তৈরি হবে। জায়গার অভাবে আপাতত অস্থায়ীভাবে দমকলকেন্দ্র করে একটি ইঞ্জিন রাখা হয়েছে। ৯ জানুয়ারি বাবুঘাট থেকে মুখ্যমন্ত্রী ৫০টি দমকলের ইঞ্জিন উদ্বোধন করবেন। তার মধ্যে তারাপীঠে ৫০০০ ও দুবরাজপুর দমকলকেন্দ্রে ২৫০০লিটার জলধারণক্ষমতা সম্পন্ন ইঞ্জিন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ওইদিনই জঙ্গিপুর দমকলকেন্দ্রেরও উদ্বোধন করবেন।
দমকলমন্ত্রী বলেন, এলাকাবাসীর দাবি মেনে নলহাটি ও লাভপুরে অগ্নিনির্বাপণকেন্দ্র হবে। সেজন্য জমি চিহ্নিত হয়েছে। প্ল্যান এস্টিমেট চলছে। জেলাশাসককে মুরারইয়েও জমি চিহ্নিত করতে বলেছি।
রাজ্যের বেশিরভাগ দমকলকেন্দ্রে পর্যাপ্ত কর্মী নেই। অল্পসংখ্যক কর্মী নিয়ে কাজকর্ম করতে আধিকারিকরা হিমসিম খাচ্ছেন। গত মাসে রামপুরহাট মহকুমায় ৫৯টি অগ্নিকাণ্ড ঘটেছে। এবিষয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতা থেকে ২০১১সাল অবধি রাজ্যে ১০৯টি দমকলকেন্দ্র ছিল। এখন সেই সংখ্যা বেড়ে ১৬৪টি হয়েছে। এছাড়া, পূর্ব বর্ধমানের দাঁইহাটে ছ’মাসের মধ্যে একটি দমকলকেন্দ্র উদ্বেধন হবে। এটুকু সময়ের মধ্যে এত দমকলকেন্দ্র হয়েছে। স্বাভাবিকভাবেই কর্মীর চাহিদা রয়েছে। কিছুদিন আগেই দমকলবিভাগে একহাজার কর্মী নিয়োগের অনুমোদন মিলেছে। খুব তাড়াতাড়ি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়া হবে।
মন্ত্রী জানান, এখন দেশের বিভিন্ন জায়গায় অন্য রাজনৈতিক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দৃষ্টান্ত অনুসরণ করছে। সামনে দিল্লি বিধানসভার নির্বাচন। দিল্লিতে আপ সুপ্রিমো প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় ফিরলে মহিলাদের মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে। পাল্টা কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। তারা প্রকল্পের নাম দিয়েছে ‘পেয়ারি দিদি’। বাংলার মুখ্যমন্ত্রী যা চালু করেন, সেটা পরে অন্য জায়গায় চালু হয়।
সম্পর্কিত সংবাদ