সংবাদদাতা, ডোমকল: আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিস। সোমবার রাতে ডোমকলের গাবতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের কাছ থেকে দু’টি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে ডোমকল থানার পুলিস। ধৃতের নাম মুজাহিদ মণ্ডল । তার বাড়ি ডোমকলের শিবনগর ডিহিপাড়ায়। মঙ্গলবার সকালে দশ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে , সোমবার গোপনসূত্রে তাঁদের কাছে খবর আসে গাবতলায় একটি আগ্নেয়াস্ত্রের হাত বদল হতে পারে। এরপরই সেখানে হানা দিয়ে লুকিয়ে নজরদারি চালাতে থাকে ডোমকল থানা পুলিসের একটি টিম। সোমবার গভীর রাতে ওই এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন পুলিসকর্মীরা। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ চালাতেই কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। শেষে তাকে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র দু’টি বাজেয়াপ্ত করে পুলিস। এরপরই ধৃতকে পাকড়াও করে থানায় নিয়ে আনা হয়। পরে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়।



