Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দামোদরের উপর রায়নার দিকেই শিল্পসেতু, পূর্তদপ্তরের সঙ্গে বৈঠকে ডিএম

দামোদরের উপর রায়নার দিকেই শিল্পসেতু, পূর্তদপ্তরের সঙ্গে বৈঠকে ডিএম
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দামোদরের উপর রায়নার দিকে তৈরি হবে শিল্পসেতু। তারজন্য কিছু জমি অধিগ্রহণের প্রয়োজন। সোমবার জেলাশাসক আয়েশা রানি এ বিষয়টি নিয়ে পূর্তদপ্তরের সঙ্গে বৈঠক করেন। কাজের গতিপ্রকৃতি নিয়ে তিনি জানতে চান। জেলাশাসক বলেন, টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন বছরেই সেতু তৈরির কাজ শুরু হয়ে যাবে। তারজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে সেতু তৈরি হবে। বাজেটে অর্থ বরাদ্দ আগেই হয়েছে। নতুন সেতু তৈরি হলে দক্ষিণ দামোদরের বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া বাঁকুড়া এবং আরামবাগ মহকুমার বাসিন্দারাও উপকৃত হবেন। পুরনো সেতুটিও নতুনভাবে সংস্কার করা হবে। দু’টি সেতু থাকলে যান চালাচলের গতি বাড়বে। পুরনো সেতুটি সংকীর্ণ হওয়ায় হামেশাই যানজট তৈরি হয়। তাছাড়া সেতুটি বেহাল হয়ে থাকায় দুর্ঘটনাও ঘটছে। 
এক আধিকারিক বলেন, বড় কাজ হওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লেগেছে। একটি বড় সংস্থা সেতু তৈরির বরাত পেতে চলেছে। কীভাবে কাজ হবে তার রূপরেখা সরকার তৈরি করে দিয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাজি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সেতু তৈরির আশ্বাস দিয়েছিলেন। তিনি কথা রেখেছেন। বাজেটে অর্থ বরাদ্দ হওয়ায় সেতু তৈরির কাজ শেষ হতে সমস্যা হবে না। দামোদরের পাশাপাশি ভাগীরথীর উপর সেতু তৈরির টার্গেট রয়েছে। ওই এলাকায় অধিকাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। কয়েকজন জমি দিতে না চাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। তবে দামোদরে সেতু তৈরি করতে সেই সমস্যা হবে না। সরকারের জমি নদের পাড়ে রয়েছে। রাস্তা তৈরির জন্য অল্প কিছু জমি দরকার হবে। বৃহত্তর স্বার্থে এলাকার বাসিন্দারা সহযোগিতা করবেন বলেই আশা করা যায়। পূর্তদপ্তর সেতু তৈরির কাজ দেখভাল করবে। 
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বর্ধমান-আরামবাগ রাস্তা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। সেতু তৈরির কাজ শেষ হলে রাস্তা সম্প্রসারণের কাজে প্রশাসন হাত দেবে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা সম্প্রসারণ না হলে যানজটের সমস্যা মিটবে না। রাস্তার দু’পাশে যথেষ্ট জমি রয়েছে। জবরদখলকারীদের সরিয়ে সম্প্রসারণের কাজ হলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। রায়নার বিধায়ক শম্পা ধাড়া বলেন, দামোদরে বিকল্প সেতু তৈরির দাবি বহুদিনের। অবশেষে স্থানীয়দের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আড়াই থেকে তিন বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এক আধিকারিক বলেন, কিছুদিনের মধ্যেই সেতু তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রায়নার দিকে সেতু তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ