Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দামোদরে জলস্তর বেশি থাকায় ছট নিয়ে সতর্ক বাঁকুড়া প্রশাসন

দামোদরে জলস্তর বেশি থাকায় ছট নিয়ে সতর্ক বাঁকুড়া প্রশাসন
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সতর্কতা এবং কড়া নজরদারিতে বাঁকুড়ায় ছটপুজো পালন করা হবে। দামোদর সহ জেলার নদনদীগুলিতে এবার জলস্তর বেশি থাকায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার কিছু জায়গায় নদীতে স্পিড বোটে নজরদারি চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বড়জোড়ার ঘুটগোড়িয়া সহ কিছু জায়গায় ড্রোনের সাহায্যে নজর রাখা হবে। বড়জোড়া ব্যারেজ সংলগ্ন এলাকায় জলস্তর বেশি থাকায় দামোদর নদের ডান তীরে ছটপুজোর উপর জেলা পুলিস নিষেধাষজ্ঞা জারি করেছে। বাঁ তীরের (দুর্গাপুরের দিকে) ঘাটগুলিতে পুজো করা যাবে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভর তেওয়ারি বলেন, মেজিয়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত দামোদর সংলগ্ন থানাগুলিতে নজরদারি চলবে। ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
Advertisement
এদিন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে দামোদরের ঘাটগুলি পরিদর্শন করেন। বিধায়ক বলেন, অন্যান্যবারের তুলনায় এবার দামোদর নদে বেশি জল রয়েছে। ফলে ছট পুজোকে কেন্দ্র করে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তারজন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুটগোড়িয়া গ্রাম পঞ্চায়েত বিষয়টি দেখছে। এদিন ওই পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদ সদস্য সহ অন্যান্যদের নিয়ে আমি নদের ঘাটগুলি ঘুরে দেখেছি। 
বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাট, দ্বারকেশ্বরের একাধিক জায়গায় নদীর পাড়ে ঘাট তৈরি করে ছটপুজো করা হয়। সেখানে পুণ্যার্থীরা ছটপুজোর আচার পালন করেন। নদীর জলস্তর বৃদ্ধির কারণে পুণ্যার্থীদের সমস্যা হতে পারে বলে আমরা আশঙ্কা করেছিলাম। তবে পুরসভার তরফে যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে তা হবে না বলেই আমরা আশাবাদী। ঘাটগুলিতে পর্যাপ্ত আলো সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা হয়। পুরসভার পাশাপাশি পুণ্যার্থীরাও নিজেদের মতো করে ঘাটে স্নানঘর সহ অন্যান্য ব্যবস্থা করেছে। 
উল্লেখ্য, ভিন রাজ্য থেকে আসা বহু মানুষ বাঁকুড়ায় স্থায়ীভাবে বসবাস করেন। তাঁদের মধ্যে অনেকে ছট পুজোকে উৎসব হিসাবে পালন করেন। জেলার বাসিন্দারা এই উপলক্ষ্যে আনন্দে শামিল হন। ফলে সকল সম্প্রদায়ের মধ্যেই ছটপুজোকে কেন্দ্র করে উন্মাদনা চোখে পড়ে। অন্যান্যবারের তুলনায় এবার ছটপুজোকে কেন্দ্র করে প্রশাসন আগাম ব্যবস্থা নেয়। ছটপুজোর জন্য জলাশয়ের প্রয়োজন হয়। নদী ও বড় জলাশয়ের ঘাটে পুজোর আচার পালন করা হয়। ভারী বৃষ্টি ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের কারণে এবার বাঁকুড়ার নদনদীতে ভালো জলস্তর ছিল। নদীর ঘাটে ড্রোন ও স্পিডবোটের সাহায্যে নজরদারি চালানোর কথা স্থানীয়ভাবে প্রশাসনের তরফে জানানো হয়। সেইমতো এদিন নজরদারি চলে। প্রয়োজনের ভিত্তিতে সিভিল ডিফেন্সের কর্মীদের ময়দানে নামানো হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ