সংবাদদাতা, ঘাটাল: দামি কম্পিউটার, ল্যাপটপ, প্রোজেক্টর ছেড়ে তালা ভেঙে স্কুলের নথি চুরি করল দুষ্কৃতীরা। পুজোর ছুটির পর মঙ্গলবার স্কুল খুলতে ওই দৃশ্য দেখে তাজ্জব বনে যান চন্দ্রকোণা থানার লক্ষ্মীপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষকা, শিক্ষাকর্মী ও পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাণ্ডে বলেন, ‘আমাদের স্কুলে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। তারই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আলমারিতে রাখা ছিল। দুষ্কৃতীরা বেশ কয়েক লক্ষ টাকার ইলেক্ট্রনিক্স জিনিসপত্র না নিয়ে গিয়ে শুধু মাত্র নথিগুলি নিয়ে পালিয়েছে। বিষয়টি পুলিসকে লিখিতভাবে জানানো হয়েছে।’ পুলিস জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। ওই স্কুলটির নিরাপত্তা বেশ আঁটোসাঁটো। বিদ্যালয়য় চত্বরটি স্কুল ভবন দিয়েই ঘেরা। কোণায় কোণায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে। শিক্ষক-শিক্ষিরা জানান, এদিন স্কুলে আসতে দেখা যায়, অফিস ও স্টাফ রুমের দরজার তালাগুলি ভাঙা। দু’টি রুমের সমস্ত আলমারি ভেঙে কাগজপত্র তচনছ করা হয়েছে। প্রধান শিক্ষক জানান, আলমারিতে ওই সমস্ত নথির খোঁজ করছিল দুষ্কৃতীরা। একটি আলমারির লকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল সেগুলোই দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। কম্পিউটার, ল্যাপটপ সহ বাকি সবকিছুই ঠিকঠাক রয়েছে।
Advertisement
এক সময়ে স্কুলের যারা অনিয়ম চালিয়েছে তারাই নথিগুলি গায়েব করেছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। যেহেতু সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সহ কোনও ইলেক্ট্রনিক্স জিনিসপত্রের উপর দুষ্কৃতীদের নজর ছিল না। তাই সিসি ক্যামেরার ফুটেজ যাতে না উঠে তার জন্য তাণ্ডব চালানোর আগে স্কুল সংলগ্ন এলাকার ট্রান্সফরমারের আইসোলেটর নামিয়ে দিয়েই তারা ওই সব কাজ করেছে। তাই সোমবার ভোর ৩টা ১৫ মিনিট থেকে কোনও ফুটেজ স্টোর হয়নি বলে পুলিস জানিয়েছে।



