Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দামি চারচাকা গাড়িতে চেপেই জেলায় চুরি, সাগরদিঘিতে ধৃত

দামি চারচাকা গাড়িতে চেপেই জেলায় চুরি, সাগরদিঘিতে ধৃত
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: সাগরদিঘি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকেই উঠছিল চুরির অভিযোগ। একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বাড়িয়ে ছিল পুলিসের। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিস। তদন্তে নেমে আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ খতিয়ে দেখে একটি দামি গাড়িকে চিহ্নিত করে পুলিস। গাড়ির ডিটেইলস খতিয়ে দেখে মঙ্গলবার রাতে গাড়ির মালিককে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম আকিমুদ্দিন খান। বাড়ি সাগরদিঘি থানা এলাকায়। প্রাথমিক জেরায় ধৃত যুবক চুরির কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। বিস্তারিত জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করবে পুলিস। ধৃতকে বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, চুরির প্রচুর অভিযোগ আসছিল। তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনের নাম জানা গিয়েছে। তাদের খোঁজ চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়ির রং সাদা। দাম বেশ কয়েক লক্ষ টাকা। রাত হলে সেই গাড়িতেই তিন থেকে চার যুবক অপারেশন সারতে বেরত। তাদের সকলের বয়স অল্প। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। দলে এক নাবালক সদস্যের বিষয়েও জানতে পেরেছে পুলিস।  চুরির আগে তারা ভালোভাবে রেকি করে নিত। সবকিছু ঠিকঠাক মনে হলেই অপারেশনে নেমে পড়ত। মাস খানেক আগেই জিয়াগঞ্জে রাস্তার ধারে একটি বাড়িতে হানা দেয় গ্যাংটি। দুই যুবক বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর ঘর থেকে তিন ভরি ওজনের সোনার গয়না, নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ওই বাড়ি থেকে তিনটি মোবাইলও তারা চুরি করে। তবে আকিমুদ্দিন চুরি অপারেশনস্থলে যেত না। সে কিছুটা দূরে রাস্তায় গাড়ি রেখে নজর রাখত। এভাবে তারা একের পর এক চুরি করে। দিন কয়েক আগে সাগরদিঘি থেকে তারা একটি টোটো নিয়ে চম্পট দেয়। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। সিসিটিভির ফুটেজের সূত্র ধরেই গাড়িটি চিহ্নিত করে পুলিস। তারপর আকিমুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত সংবাদ