সংবাদদাতা, বহরমপুর: প্রতিবেশীর বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানায় ছয়ঘড়ি পশ্চিমপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের সামাউল শেখ(২২)। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী ও বাবা-মা। দৌলতাবাদ থানার পুলিস জানিয়েছে, অসর্তকতার জন্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিয়ে হয়েছে সামাউল শেখের। ম্যাঙ্গালোরে রং মিস্ত্রির কাজ করতেন। ২৫ দিন আগে সেখান থেকে বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের সমস্যা হওয়ায় তাঁরা সামাউলকে ডেকে নিয়ে যান। বিদ্যুতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে আনার পরই তাঁর মৃত্যু হয়।
Advertisement
মৃতের এক আত্মীয় নাসিরুদ্দিন শেখ বলেন, ২৫ দিন আগে ম্যাঙ্গালোর থেকে ফিরেছিল। আগামী সপ্তাহে আবার যাওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল।



