Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডায়ালিসিস পরিষেবা উন্নত করতে পদক্ষেপ

ডায়ালিসিস পরিষেবা উন্নত করতে পদক্ষেপ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পরিকাঠামো অত্যাধুনিক করে বালুরঘাট জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে পরিষেবার মান বাড়াতে উদ্যোগ নিল কর্তৃপক্ষ। ইতিমধ্যে ওই বিভাগের দায়িত্ব একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ইউনিট স্থানান্তরিত করা হচ্ছে নতুন জায়গায়। হাসপাতাল সূত্রে খবর, ডায়ালিসিস বিভাগে দীর্ঘদিন অনেক মেশিন বিকল। পুরনো যন্ত্রপাতি দিয়েই আগের সংস্থা কোনওরকমে কাজ চালিয়ে যাচ্ছিল। একজন নেফ্রোলজিস্ট থাকার কথা থাকলেও রাখা হত না। কাজেই ডায়ালিসিস বিভাগ  নতুন সংস্থার হাতে গেলে সমস্যা মিটবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
Advertisement
দ্রত পরিষেবা শুরু করার লক্ষ্যে বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ ওই সংস্থার কর্তারা। সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, আমাদের হাসপাতালে ডায়ালিসিস বিভাগ পিপিপি মডেলে চলত। নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নেফ্রোলজিস্ট ও টেকনিশিয়ান রাখবে। এতে পরিষেবা উন্নত হবে বলে আশা করছি।
এতদিন ইউনিট থাকলেও পরিষেবা যে ভালো ছিল না, সেকথা উঠে এসেছে রোগী ও পরিজনদের কথায়। ডায়ালিসিস বিভাগে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় সুমন শীল বললেন, ভালো পরিষেবা দেওয়া হয় না।  মেশিনগুলি বেশিরভাগ সময় খারাপ থাকে। গুরুত্বপূর্ণ এই বিভাগে নেফ্রোলজিস্ট, টেকনিশিয়ানও নেই। নতুন করে চালু করলে পরিষেবা ভালো হবে বলেই মনে হচ্ছে। হাসপাতালে সূত্রে খবর, বর্তমানে জেলা হাসপাতালের পুরনো তিনতলা ভবনেই চলছে ডায়ালিসিস বিভাগ। সেখানে ৫টি মেশিনের বেশিরভাগ খারাপ। এনিয়ে অভিযোগের শেষ নেই। একটি মেশিন আবার দীর্ঘদিন বিকল। ওই বিভাগে প্রতিদিন পাঁচজন করে রোগী আসেন বলে সারাবছর চাপ থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংস্থার পক্ষে জানা গিয়েছে, পুরনো যে মেশিনগুলি বদল করা হবে। এমনকী নেফ্রোলজিস্ট এবং নতুন টেকনিশিয়ান আনা হবে।
সম্পর্কিত সংবাদ