নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সরকারি সুবিধা পাওয়া বাসিন্দাদের বাড়ি বাড়ি যেতে হবে দলের কর্মীদের। তাঁদের মনে করাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মঙ্গলবার বর্ধমানের রথতলায় দলের কর্মী সম্মেলনে এমনটাই বলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেন বিধায়ক খোকন দাস। শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার, পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারও উপস্থিত ছিলেন। পরেশবাবু বলেন, এখন অন্য দল থেকে অনেকেই তৃণমূলে এসেছেন। তাঁরা বাম জমানায় আমাদের দলে ছিলেন না। তাঁদের কেউ কেউ এখন আস্ফালন দেখানোর চেষ্টা করছেন। এসব না করে দলের হয়ে কাজ করতে হবে। বিধায়ক বলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকি। আপনাদেরও দলের কথা ভাবতে হবে।



