সংবাদদাতা, নবদ্বীপ: আগামী ১৪ মার্চ, শুক্রবার দোল পূর্ণিমার পাশাপাশি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিও। অনেকেই বিশেষ এই দিনে বাড়িতে, মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করেন। তাই নবদ্বীপের শিল্পীদের তৈরি নিমকাঠের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই-গৌর, রাধাকৃষ্ণ ও গোপাল বিগ্রহের চাহিদা তুঙ্গে। এখানকার শিল্পীদের তৈরি মূর্তি পাইকারের হাত ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও পাড়ি দিচ্ছে দেশ-বিদেশেও। শিল্পীদের ভালোই লক্ষ্মীলাভ হচ্ছে।
Advertisement
শিল্পীরা জানাচ্ছেন, ইতিমধ্যেই অসম, ত্রিপুরা, রাজস্থান, মণিপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে তাঁদের তৈরি মূর্তি। ইসকনের ভক্তদের হাত ধরে কাঠের তৈরি বিভিন্ন বিগ্রহ পাড়ি দিচ্ছে আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশে।
নবদ্বীপের কারখানাগুলিতে এখন জোরকদমে তৈরি হচ্ছে নিমকাঠের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই-গৌর, রাধাকৃষ্ণ ও গোপালের বিগ্রহ। সারা বছর এখানকার শিল্পীদের তৈরি কাঠের এইসব মূর্তির কমবেশি চাহিদা থাকলেও দোলের আগে চাহিদা বেড়ে যায় অনেকটাই।
জানা গিয়েছে, নিমকাঠ দিয়ে এই সব দারু বিগ্রহ তৈরি হয়। নবদ্বীপের বাদুড়তলা লেন, আমপুলিয়া পাড়া, নেতাজি সুভাষ রোড, অভয়া মা তলা, রামরাজাতলা সহ বেশকিছু এলাকার শিল্পীরা এইসব মূর্তি তৈরি করেন। সাধারণত দু’ থেকে আড়াই ফুট, তিন ফুট থেকে পাঁচ ফুট অর্ডার অনুয়ায়ী বিভিন্ন উচ্চতার বিগ্রহ তৈরি হয়। ছোট বিগ্রহের দাম পড়ে যায় ৮ থেকে ১০ হাজার টাকা। বড় বিগ্রহের দাম ৫০ হাজার থেকে লক্ষাধিক টাকা।
বাদুরতলা লেন, আমপুলিয়া পাড়ায় কারখানা শঙ্করপ্রসাদ দেবনাথের। তিনি বলেন, আমরা অর্ডার অনুযায়ী কাঠ ও পিতল দু’ রকমের মূর্তি তৈরি করি। তবে কাঠের মূর্তির চাহিদা বেশি। ইসকন সহ বিভিন্ন মঠ মন্দিরের প্রভুদের মাধ্যমেই আমেরিকা, রাশিয়া, আরব সহ বিভিন্ন দেশে মূর্তিগুলি যায়। সারা বছরে হয়তো পাঁচ জোড়া গৌর-নিতাই তৈরি করি। এই দোলের আগে তার ডবল করতে হয়। সেই সব মূর্তির দাম সাইজের উপর নির্ভর করে ঠিক হয়। ৮ থেকে ৯ ইঞ্চি সাইজের মূর্তির দাম ৫ থেকে ৬ হাজার টাকা পড়ে যায়। আড়াই ফুটের গৌর-নিতাই মূর্তির চাহিদা বেশি। তার দাম পড়ে যায় প্রায় এক লাখ টাকা। খুবই পরিশ্রমের কাজ। একটা কাঠের মূর্তি তৈরি করতে প্রায় দু’ থেকে তিন মাস সময় লাগে। নবদ্বীপ নেতাজি সুভাষ রোডে কারখানায় কাঠের মূর্তি তৈরি করেন অলোক মণ্ডল। তিনি বলেন, ৩৫ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। এখন নবদ্বীপে প্রায় ১০টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। এবার তিন ফুটের এক জোড়া গৌর-নিতাই তৈরি করছি। এই বিগ্রহটি মেদিনীপুরের ঘাটালে যাবে। দেড় মাস ধরে নিমকাঠ দিয়ে তৈরি করতে হয়েছে। দাম পড়েছে ৬০ হাজার টাকা। এটা দোলের দিনই প্রতিষ্ঠা হবে। নবদ্বীপের কারখানাগুলিতে এখন জোরকদমে তৈরি হচ্ছে নিমকাঠের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই-গৌর, রাধাকৃষ্ণ ও গোপালের বিগ্রহ। সারা বছর এখানকার শিল্পীদের তৈরি কাঠের এইসব মূর্তির কমবেশি চাহিদা থাকলেও দোলের আগে চাহিদা বেড়ে যায় অনেকটাই।
জানা গিয়েছে, নিমকাঠ দিয়ে এই সব দারু বিগ্রহ তৈরি হয়। নবদ্বীপের বাদুড়তলা লেন, আমপুলিয়া পাড়া, নেতাজি সুভাষ রোড, অভয়া মা তলা, রামরাজাতলা সহ বেশকিছু এলাকার শিল্পীরা এইসব মূর্তি তৈরি করেন। সাধারণত দু’ থেকে আড়াই ফুট, তিন ফুট থেকে পাঁচ ফুট অর্ডার অনুয়ায়ী বিভিন্ন উচ্চতার বিগ্রহ তৈরি হয়। ছোট বিগ্রহের দাম পড়ে যায় ৮ থেকে ১০ হাজার টাকা। বড় বিগ্রহের দাম ৫০ হাজার থেকে লক্ষাধিক টাকা।



