নয়াদিল্লি: সমস্ত সমীকরণ বদলে দিয়ে রাজধানীর মসনদে বিজেপি। এই আবহেই চর্চা চলছে পদ্ম বিধায়কদের নিয়ে। বিজেপির কর্নেল সিং এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী। শাকুর বস্তি বিধানসভা আসন থেকে জয় পেয়েছেন তিনি। কর্নেলের সম্পত্তির পরিমাণ ২৫৯ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজৌরি গার্ডেনের জয়ী বিজেপি প্রার্থী মনজিন্দর সিং সিরসা। তাঁর সম্পত্তির পরিমাণ ২৪৮ কোটি। এবারের নির্বাচনে ৬৯৯ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। এদের মধ্যে সর্বকনিষ্ঠ জয়ী প্রার্থী হলেন উমঙ্গ বাজাজ। রাজেন্দর নগর বিধানসভা থেকে বিজেপির হয়ে জয় ছিনিয়েছেন ৩১ বছরের উমঙ্গ। একইভাবে বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়েছেন তিলক রাম গুপ্তা। ৭৩ বছরের এই বিজেপি প্রার্থী ত্রিনগর আসন থেকে জয়লাভ করেছেন।
Advertisement
এবারের নির্বাচনে বহু জয়ী প্রার্থীর নামে ফৌজদারি মামলাও রয়েছে। এক্ষেত্রে ওখলা আসনের আপ প্রার্থী আমানাতুল্লা খানের বিরুদ্ধে মোট ১৯টি ফৌজদারি মামলা রয়েছে। এরপর রয়েছেন কুলদীপ কুমার। তাঁর নামে সাতটি ফৌজদারি মামলা রয়েছে। বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার নামেও একটি ফৌজদারি মামলা রয়েছে।



