Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লির ঘটনায় সরব বিরোধীরা

দিল্লির ঘটনায় সরব বিরোধীরা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: শনিবার দিল্লিতে কুম্ভের ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় সরব বিরোধীরা। তাদের অভিযোগ, এবারও মৃতের সংখ্যা লুকোতে নেমে পড়েছে শাসক দল ও তার প্রশাসন। ঘটনা প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লির ঘটনা হৃদয়বিদারক। এটা বুঝিয়ে দিল নাগরিকদের সুরক্ষার স্বার্থে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি। যাঁরা কুম্ভে যাচ্ছেন, তাঁদের আরও উন্নত পরিষেবা পাওয়া উচিত। যন্ত্রণা নয়। এই ধরনের যাত্রা যাতে নিরাপদে হয়, তা নিশ্চিত করতে হবে।’ 
Advertisement
ক্ষোভ উগরে দিয়েছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ও রেলের তরফে অব্যবস্থার চিত্রই আরও একবার স্পষ্ট হল। অবিলম্বে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর এই কুম্ভের কী অর্থ আছে? কুম্ভ ফালতু।’ সুর মিলিয়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা পবন খেড়ার কথায়, গেরুয়া শিবিরের লক্ষ্য ‘অপারেশন হোয়াইটওয়াশ।’ এই সরকার সঠিক ব্যবস্থা করার বদলে মৃতের সংখ্যা লুকিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে ব্যস্ত। সরকারের অবহেলাকে দায়ী করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী।
সদ্য আপকে হারিয়ে দিল্লি দখল করেছে বিজেপি। আর এই ঘটনার পরে নতুন সরকারকে কার্যত তুলোধোনা করেছে আম আদমি পার্টি। আপ নেতা রাঘব চাড্ডা বলেন, পুণ্যার্থীদের কুম্ভে যাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থাই নেই। ট্রেনের কামরায় দমবন্ধ হয়ে আসা ভিড়ে কোনওরকমে যাত্রা করছেন মানুষজন। সত্যি বলতে মানুষ নয় যেন আলুর বস্তা ঠেসে দেওয়া হচ্ছে কামরায়। এই সরকারের কাছে আম জনতার মূল্য বোধহয় এটুকুই। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর বক্তব্য, অবিলম্বে আদালতের নজরদারিতে সিট গঠন করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। পাশাপাশি রেলের এই একের পর এক ব্যর্থতা নিয়ে আলাদা করে তদন্ত করা দরকার। 
ক্ষোভপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি জানিয়েছেন, সরকারে ক্ষমতা আঁকড়ে বসে থাকা লোকজনের রাজনীতি ছেড়ে আম জনতার মতো ভাবা উচিত। যারা তাদের মা, বাবা, ভাই, বোন, সন্তান হারিয়েছে, তাদের কষ্ট উপলব্ধি করা উচিত। একটাই দাবি, বিজেপি সরকার যেন আর মৃতদেহর সংখ্যা লুকোনোর পাপ না করে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ