Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দালাল চক্রের মাধ্যমে প্রতিমাসেই পাঁচ-ছ’জন বাংলাদেশি হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করত

দালাল চক্রের মাধ্যমে প্রতিমাসেই পাঁচ-ছ’জন বাংলাদেশি হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করত
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে মিলত মোটা টাকা। মোটা টাকার বিনিময়েই বাংলাদেশিদের অনুপ্রবেশ করানো থেকে শুরু করে আশ্রয় দেওয়া এমনকী ছবি তুলে ভুয়ো সরকারি নথি পেয়ে যেত বাংলাদেশিরা। হিলিতে অনুপ্রবেশকারী দালাল এবং ভুয়ো কার্ড তৈরির চক্রের পর্দাফাঁস হতেই পুলিসের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।  পুলিস ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই চক্র সক্রিয়ভাবে কাজ করছিল। তাদের হাত ধরে প্রতিমাসেই পাঁচ-ছ’জন করে বাংলাদেশি এদেশে প্রবেশ করত বলে জানা গিয়েছে। ফলে ওই চক্রের মাধ্যমে আর কত জন এই দেশে এসেছে? সেই তালিকার পিছনে ছুটছে পুলিস। ওই চক্রের কাছ থেকে একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। সেই কম্পিউটার খতিয়ে দেখছে পুলিস। 
Advertisement
এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, ওই চক্রের মূল দু’জনের তিনদিনের পুলিস হেফাজত মিলেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিস সূত্রে খবর, মূল দালাল কুশ বর্মন। হিলির ডুমরনের বাসিন্দা ওই যুবকের সঙ্গেই মূলত ওপারের বাসিন্দাদের যোগাযোগ। তার এক ভাইকেও খুঁজছে পুলিস। হিলির কাঁটাতারবিহীন এলাকার ওপারের দালালদের সঙ্গে যোগাযোগ করে লোকজনকে এপারে আনার সবরকম বন্দোবস্ত করত তারা। ইতিমধ্যেই অনেক বাংলাদেশি তাদের হাত ধরে এদেশে এসেছে। তাই অনুপ্রবেশকারীদের সঙ্গে জঙ্গি ও স্লিপার সেলের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারীদের টোটো চালকের মাধ্যমে গোপন ডেরায় আশ্রয় দেওয়া হতো। সেখানেই তাদের ছবি তুলে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে দিত হিলিরই বাসিন্দা মিজানুর রহমান। ইতিমধ্যেই তার কম্পিউটার বাজেয়াপ্ত করে খতিয়ে দেখছে পুলিস।
প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তবর্তী কুমারগঞ্জ, হিলি, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর সহ নানা জায়গাতেই বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে। বেশিরভাগের কাছেই দুই দেশের নথি পাওয়া গিয়েছে। তাই ভুয়ো নথি বানানোর কাজে এমন আরও অনেক চক্র রয়েছে বলে অভিযোগ। সেই সব চক্রের পিছনেও সন্ধান চালাচ্ছে পুলিস।
সম্পর্কিত সংবাদ