সংবাদদাতা, করণদিঘি: ছয়টি পরিবারকে পুনর্বাসন দিল ডালখোলা পুরসভা। ৮ নম্বর ওয়ার্ডের এই পরিবারগুলির হাতে ১ শতক করে জমির দলিল তুলে দেওয়া হয়। পুরসভা চেয়ারম্যান স্বদেশ সরকার জানান, এই ছয়টি পরিবার দীর্ঘদিন থেকে ৮ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো মাঠে বসবাস করছিল। তাদের কাছে কোনও নথি ছিল না। একাধিকবার পরিবারগুলিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়ছিল। কিন্তু পরিবারগুলি পুনর্বাসনের দাবি জানিয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে পুরসভা পপি দাস, চিন্টু দাস, রামবলি ঠাকুর, মন্টু সরকার, রামপ্রসাদ দাস ও রেখা দেবী চৌধুরীর হাতে জমি দলিল তুলে দেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে তাঁদের সরকারিভাবে পাকাঘর করে দেওয়া হবে বলে কাউন্সিলার গোপাল রায় জানিয়েছেন।
Advertisement
পুরসভার এই পদক্ষেপে খুশি রামপ্রসাদ। বলেন, অন্য কোথাও বাসস্থান না থাকায় চিন্তায় ছিলাম। পুরসভার কাছে পুনর্বাসন চেয়েছিলাম। পুরসভা ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি ফাঁকা জায়গা দিয়েছে। সেখানে আমাদের বাড়ি বানিয়ে দেবে। পুনর্বাসন পেয়ে পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন পপি, মন্টুরা।



