সংবাদদাতা, করণদিঘি: ডালখোলা থানার বাবনতলি গ্ৰামে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার রাতে ৫ জনের একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে নগদ দু’লক্ষ সহ গয়না নিয়ে যায় বলে অভিযোগ। বাড়ির মালিক আব্দুল কাদির ডালখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন। আব্দুল ও তাঁর ভাইয়ের বাড়ি একসঙ্গে। আব্দুলের বয়স্ক মা বারান্দার ঘরে ঘুমোন। রাতে দুষ্কৃতীরা আব্দুলের বাড়ি ঢুকে তাঁর ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে। ভাইকে বাঁচাতে গেলে আব্দুলকেও মেরে ফেলার হুমকি দেয়। ঘর থেকে নগদ দু’লক্ষ টাকা ও অলঙ্কার নিয়ে চলে যায়। মহম্মদ সামসের আলম বলেন, ৫ জনের ডাকাতদল রাতে বাড়িতে ঢুকে পড়ে। তাদের হাতে লাঠি সহ আগ্নেয়াস্ত্র ছিল। কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করে। টাকা সহ গয়না নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



