Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দলে উইপোকা চিহ্নিত করার বার্তা সোহমের

দলে উইপোকা চিহ্নিত করার বার্তা সোহমের
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
শ্রীকান্ত পড়্যা, চণ্ডীপুর: ছাব্বিশের বিধানসভা ভোটে দলের ‘উইপোকা’ চিহ্নিত করতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দায়িত্ব দিলেন চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের দ্বারা লালিত পালিত হয়ে যাঁরা প্রতিনিয়ত দলের ক্ষতি করে যাচ্ছেন তাঁদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিলেন তারকা বিধায়ক। জানালেন, বাইরের শত্রু চিহ্নিত। এবার ঘরের শত্রু চিহ্নিত করে তার মোকাবিলার সময় এসেছে। সেইসঙ্গে নাম না করে চণ্ডীপুরের প্রাক্তন ব্লক সভাপতি স্নেহাংশুশেখর পণ্ডিতের নাম না করে বিধায়ক বলেন, ‘চণ্ডীপুর বিধানসভায় কোনও পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না।’ তাঁর এই বক্তব্যে হাততালির ঝড় বয়ে যায়। মঞ্চে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সমর্থন জানালেন প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য। স্নেহাংশুশেখরবাবু বলেন, জেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মার্জিনে জয়ী করেছিলাম সোহমকে। এদিন সোহম তার প্রতিদান দিয়েছেন।
Advertisement
মঙ্গলবার চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের আয়োজনে সংবর্ধনা সভা ছিল। সম্প্রতি কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা উপলক্ষ্যে এই সভা ছিল। দু’টি নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা এলাকার সকল প্রার্থী জয়ী হয়েছেন। প্রাক্তন বিধায়ক অমিয়কান্তিবাবু কন্টাই কো-অপারটিভ ব্যাঙ্কের নির্বাচনে সর্বাধিক মার্জিনে জয়ী হয়েছেন। এদিন আগত নেতা-কর্মীদের কপালে চন্দন ও হাতে গোলাপ দিয়ে বরণ করা হয়। সভায় বিধায়ক ছাড়াও জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা, খেজুরি, নন্দীগ্রাম বিধানসভা এলাকার ব্লক সভাপতিরা ছিলেন। এছাড়াও সমবায় ভোটে নির্বাচিত সকল জয়ী প্রার্থী ছিলেন। 
এদিনের সংবর্ধনা অনুষ্ঠান কার্যত ২০২৬সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভার রূপ নেয়। সোহম বলেন, তৃণমূল কংগ্রেস একটি বড় পরিবার। দিন দিন সেই পরিবার বড় হচ্ছে। ইতিমধ্যে আমাদের দলের বাইরের শত্রু চিহ্নিত হয়েছে। কিন্তু, আমাদের পরিবারে কিছু ‘উইপোকা’ থেকে গিয়েছে।তারা নিজেদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় মনে করছে। এখন সময় এসেছে তাদের চিহ্নিত করার। আপনারা চিহ্নিত করুন। আমরা তাদের এমন অবস্থা করব, যাতে রাজনৈতিকভাবে অবসর নিতে বাধ্য হয়। তারা ঘরের ভিতর কোণঠাসা হয়ে বসে থাকবে।
একের পর এক নির্বাচনে জয় যাতে কর্মীদের মধ্যে অহঙ্কার না এনে দেয় তা নিয়েও সতর্ক করে দেন সোহম। বিধায়ক বলেন, ধারাবাহিক জয় যেন আমাদের কোনওরকম অহঙ্কারী না করে। দায়িত্ব যত বাড়বে আমাদের তত নত হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ করে আমরা এগিয়ে যাব।
একসময় চণ্ডীপুরের বিধায়কের সবচেয়ে আস্থাভাজন ছিলেন স্নেহাংশুশেখর পণ্ডিত। তিনি ব্লক সভাপতি থাকাকালীন ২০২১সালে বিধায়ক নির্বাচিত হন সোহম। শুধু তাই নয়, সোহমের ইলেকশন এজেন্ট এবং নির্বাচনী কমিটিরও চেয়ারম্যান ছিলেন স্নেহাংশুশেখরবাবু। যদিও ফল প্রকাশের ছ’মাস পর থেকেই সোহমের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। ২০২৩সালে ডিসেম্বর মাসে ব্লক সভাপতি পদ থেকেও সরানো হয় স্নেহাংশুশেখর পণ্ডিতকে। এদিন চাঁচাছোলা ভাষায় নিজের একসময়ের সেনাপতিকে আক্রমণ করেন সোহম। সভায় প্রাক্তন ব্লক সভাপতি আমন্ত্রিত ছিলেন না। 
সম্পর্কিত সংবাদ