Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দলীয় কর্মীদের ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট করানোর নির্দেশ তৃণমূল নেতৃত্বের

দলীয় কর্মীদের ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট করানোর নির্দেশ তৃণমূল নেতৃত্বের
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সিতাই উপ নির্বাচনে দলীয় কর্মীদের ৯০-৯৫ শতাংশ ভোট করানোর নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এজন্য যদি এক একজন ভোটারের কাছে ১০ বার করে যেতে হয় তাই যেতে হবে। যেসমস্ত ভোটার সিতায়ের বাইরে রয়েছেন তাঁদেরও ভোটের সময় সিতাইতে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক সময়ই দেখা যায় উপ নির্বাচনে ভোটের হার কম হয়। আর সেই আশঙ্কা থেকেই তৃণমূল আগে থেকেই স্থানীয় সব স্তরের নেতৃত্বকে ভোটারদের বুথমুখী করার জন্য রীতিমতো লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। 
Advertisement
এদিকে, শনিবার সিতাইতে প্রচারে আসেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি কোচবিহারে এসে দলের জেলা কার্যালয়ে একদফা বৈঠক করেন। এরপর সিতাইতে প্রচারে যান। এর আগে প্রচার সেরে গিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। ১১ নভেম্বর প্রচারে আসছেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তিনি সিতাইতে রোড শো করবেন। জেলার সব স্তরের নেতারাই উপ নির্বাচনে প্রচার চালাচ্ছেন। কিন্তু বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রচার সেভাবে চোখে পড়ছে না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রচার সেরে গিয়েছেন। 
দল জানিয়েছে, আজ রবিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিতাইতে প্রচারে আসবেন। বাম-কংগ্রেসও সিতাইতে সেভাবে প্রচারে দাগ কাটতে পারেনি। আর তাই নির্বাচনে ঠিক তিন দিন আগে সিতাইতে প্রচারের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে শাসক দলই। মন্ত্রী পুলক রায়ও এদিন কোচবিহারে এসে সিতাই উপ নির্বাচন সহ রাজ্যের ছ’টি উপ নির্বাচনেই জয়ের বিষয়ে আস্থা প্রকাশ করেন।
জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, রাজ্যের ছ’টি উপ নির্বাচনেই আমরা জয় লাভ করব। মানুষের পাশে থাকার কারণেই এটা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন। তাই মানুষও তৃণমূলের পাশে থাকে। ২৩ নভেম্বর আবার প্রমাণ হবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন।
জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আমরা বুথস্তরে সমীক্ষা করেছি। প্রথম থেকেই সব অঞ্চলকে সতর্ক করা হয়েছিল। সব স্তরের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেককে ৯০-৯৫ শতাংশ ভোট পোল করানোর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। তারজন্য ভোটারদের কাছে প্রয়োজনে দশবার করে পৌঁছতে হবে। যে ভোটাররা বাইরে আছেন তাঁদের আনতে হবে। এদিন মন্ত্রী পুলক রায় এসেছেন। ১১ নভেম্বর ইউসুফ পাঠান রোড শো করবেন।
বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, এটাই ওদের কায়দা। আর কোনও উপায় নেই। তাই এসব করছে। আমাদের প্রচার হয়ে গিয়েছে। রবিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিতাইতে প্রচারে আসবেন। ওরা ৯৫ কেন ১০০ শতাংশ ভোট করাক।
সম্পর্কিত সংবাদ