নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় সোমবার রাতে রাজনগর থানার পুলিস আরও একজনকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃত সুরজ খান ওই থানার বড়বাজারের তেঁতুলতলার বাসিন্দা। সিউড়ি থেকে রাজনগর হয়ে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় ডাকাতির পরিকল্পনার ঘটনায় এনিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত শনিবার পুলিসি অভিযানে দু’জন গ্রেপ্তার হয়েছিল। সেসময় ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায়। ধৃতদের জেরা করে পুলিস সুরজের নাম জানতে পারে। এরপর সোমবার রাতে সুরজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, সুরজ জেরায় ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। অন্য পলাতকদের খোঁজে পুলিস তল্লাশি জারি রেখেছে।



