সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর গচিহার সাবস্টেশনে ডাকাতির ঘটনায় কালিয়াচক থেকে গ্রেপ্তার আরও এক দুষ্কৃতী। ধৃত সায়েম শেখ মালদহের সুজাপুরের বাসিন্দা। কালিয়াচক থেকে গচিহারের ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত গাড়িচালক আনিরুল শেখকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস। আনিরুলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশকিছু তথ্য সংগ্রহ করে। বুধবার রাতে গঙ্গারামপুর থানার বিশেষ টিম কালিয়াচকের সুজাপুরে তল্লাশি চালিয়ে সায়েমকে গ্রেপ্তার করে। ধৃত ডাকাতির ঘটনায় সরাসরি যুক্ত ছিল। দুষ্কৃতীরা কতজন আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করতে এসেছিল, তার তথ্য সংগ্রহ করে পুলিস। ডাকাতি করা সামগ্রী কোথায় বিক্রি করেছে দুষ্কৃতীরা, তা উদ্ধার করতে আদাজল খেয়ে নেমেছে পুলিস। বাকি দুষ্কৃতীদের খোঁজেও শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এদিন ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলে ৮ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গচিহারে ডাকাতির ঘটনায় পর পর দুদিন দুজনকে কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। আমরা চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টায় রয়েছি।



