Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকাতির ঘটনায় আতঙ্কিত কালনার গ্রাম

ডাকাতির ঘটনায় আতঙ্কিত কালনার গ্রাম
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বুধবার রাতে কালনা থানার হিজুলি গ্রামে গৃহস্থের বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। চোখের সামনে বোমা, বন্দুকের আস্ফালন ভুলতে পারছেন না ধর পরিবারের সদস্যরা। তাঁরা এতটাই আতঙ্কিত হয়ে রয়েছেন যে সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চাইছেন না। ভয়ে সিঁটিয়ে রয়েছে পুরো পরিবার। চাষের মরশুমে বাড়িতে অতিরিক্ত নগদ টাকা রাখতে হয়। তাই এমন ঘটনা ফের ঘটার আশঙ্কায় আশেপাশের গ্রামগুলিতেও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যা নামতেই দরজায় ভিতর থেকে তালা দিয়ে রাখছেন বাড়ির মহিলারা। আগে থেকে না জানিয়ে বাইরে থেকে কেউ এলে দরজা না খোলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পুলিস অভিযুক্তদের খোঁজে তদন্ত করছে। ঘটনায় অভিযুক্তদের একটি হেলমেট উদ্ধার করেছে পুলিস।
Advertisement
হুগলি জেলার সীমান্তবর্তী এই হিজুলি গ্রাম। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এলাকায় প্রচুর পেঁয়াজ চাষ হয়। এই সময় কৃষিকাজের প্রয়োজনে বাড়িতে নগদ অর্থ রাখতে হয়। বুধবার হিজুলি গ্রামের চাষি ও ব্যবসায়ী সুভাষ ধরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। বন্দুক, বোমা ও ভোজালি নিয়ে দুষ্কৃতীরা হানা দিয়ে নগদ অর্থ সহ প্রচুর সোনার গয়না লুট করে। এই ঘটনার পরই হিজুলি, কুশোডাঙা, হাটগাছা ও পাশ্ববর্তী গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। বছর কয়েক আগে কালনা-পাণ্ডুয়া রোডে কুশোডাঙায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সাম্প্রতিককালে ছিচকে চুরি ছাড়া তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। এক সময় কুশোডাঙা মোড়ে পুলিস ক্যাম্প ছিল। এলাকায় কোনও ঘটনা না ঘটায় পরে তা উঠে যায়। বুধবারের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ফের পুলিস ক্যাম্পের দাবি করছেন।
কল্যাণপুর পঞ্চায়েত এলাকার চাষি সুনন্দচন্দ্র মাঝি মহম্মদ সাহাবুদ্দিন মল্লিক বলেন, দীর্ঘদিন এলাকায় শান্তির পরিবেশ ছিল। বুধবারের এমন ঘটনায় আতঙ্কিত বোধ করছি। সারাদিন মাঠে কাজ করার পর বাড়ি ফিরে সন্ধ্যায় একটু কেনাকাটা করতে বাজারহাটে যেতে হয়। বাড়ির লোকেদের বলেছি, দরজায় তালা দিয়ে বন্ধ করে রাখতে। অপরিচিত কেউ ডাকলে যেন না খোলে। পুলিস টহল দিলেও আতঙ্কের মধ্যে রয়েছি।
পঞ্চায়েতের উপপ্রধান অমিয় পুরকায়স্থ বলেন, দেড়-দুই দশক আগে এলাকায় চুরি ছিনতাই লেগেই থাকত। দু’টো একটা ডাকাতির ঘটনাও ঘটেছে। কিন্তু কয়েক বছর এলাকায় শান্তি ছিল। এদিন সন্ধ্যা রা঩তে ঘটনার পর ফের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একসময় কুশোডাঙা মোড়ে পুলিস ক্যাম্প ছিল। এলাকাটি হুগলি জেলার সীমান্তবর্তী হওয়ায় ফের পুলিস ক্যাম্প করলে ভালো হয়। 
 
সম্পর্কিত সংবাদ