Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাক্তার দেখাতে যাওয়ার পথে জামুড়িয়ায় পথ দুর্ঘটনায় দুই বেয়াইয়ের মৃত্যু

ডাক্তার দেখাতে যাওয়ার পথে জামুড়িয়ায় পথ দুর্ঘটনায় দুই বেয়াইয়ের মৃত্যু
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: চিকিৎসা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বেয়াইয়ের। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য‌ ছড়িয়েছে জামুড়িয়ায়। মৃতরা হলেন, কালোসোনা দাস (৫৯) ও উত্তমকুমার ওরফে দয়াময় সূত্রধর (৫৯)। কালোসোনাবাবুর বাড়ি পূর্ব বর্ধমান জেলার চণ্ডীপুরে। অন্যদিকে দয়াময়বাবুর আদিবাড়ি বীরভূমের কাঁকরতলা হলেও তিনি জামুড়িয়ার কেন্দায় থাকেন। জানা গিয়েছে, কেন্দায় বেয়াইবাড়িতে এসেছিলেন কালোসোনাবাবু। দয়াময়বাবুকে সঙ্গে নিয়েই তিনি রানিগঞ্জে চিকিৎসা করতে যাচ্ছিলেন। বাইকে চেপে তাঁরা কেন্দা থেকে রানিগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে। এদিন ভোরে তাঁরা যখন চাকদোলা মোড় পার করছিলেন সেই সময়েই পিছন থেকে একটি ডাম্পার তাঁদের বাইকে ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতিতে থাকা ডাম্পারটি দুর্ঘটনার পরও গাড়ি দাঁড় করায়নি। বাইক সহ একজনকে টানতে টানতে প্রায় একশো মিটার নিয়ে যায়। তারপর সেখানে ডাম্পার থামিয়ে গা ঢাকা দেয় চালক। 
Advertisement
সাত সকালে এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ভিড় করেন। বেশ কিছু সময় পরে পুলিস এসে দু’জনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। অন্যদিকে দুর্ঘটনায় একসঙ্গে দু’জনের মৃত্যুতে নড়েচড়ে বসে পুলিস। উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা এলাকায় গিয়ে তদন্ত শুরু করেন। স্থানীয়দের একটি অংশের দাবি, বালি পরিবহণে ব্যবহৃত ডাম্পারের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিন চাকদোলা মোড়ে গিয়ে দেখা যায়, জাতীয় সড়কের বেহাল দশা। চাকদলা একটি গুরুত্বপূর্ণ তেমাথা মোড়। যার একদিকে যাচ্ছে জামুড়িয়া, অন্যদিকে রানিগঞ্জ ও অপর প্রান্তটি পাণ্ডবেশ্বরকে যুক্ত করেছে। সেখানেই পিচ উঠে বিশাল গর্ত হয়েছে। রাস্তার পাশে গজিয়ে উঠেছে কাঁটা বা ওয়েব্রিজ। সেখানে বালি কাটিং করে বিক্রির ব্যবসা চলছে। এলাকাবাসীর দাবি, পুলিসি তৎপরতার অভাবে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। ওয়েব্রিজ বা কাঁটা থেকে বালি পরিবহণ করার জন্য নিয়ম ভেঙে জাতীয় সড়কের উপর ট্রাক্টরও ছুটছে। বাইক চালক, পথচারীদের জীবন বিপন্ন। ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুমূর্তি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ