Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকাতির ছক বানচাল, ধৃত দুই

ডাকাতির ছক বানচাল, ধৃত দুই
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ভোজালি সহ একাধিক অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল ডাকাতদল। পরিকল্পনা ছিল শীতের রাতে কালিয়াগঞ্জের কোনও এলাকায় ডাকাতির। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল পুলিস। অস্ত্র সহ ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের নাম পাপ্পু রবিদাস ও স্নেহাশিস ভট্টাচার্য। পাপ্পুর বাড়ি কালিয়াগঞ্জের পীরপুকুর এলাকায়। স্নেহাশিসের বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায়। শনিবার রাতে ধৃত ওই দুজনকে রবিবার রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের বোচাডাঙা মোড় এলাকায় রাজ্যসড়কের ধারে রাতে জড়ো হয়েছিল প্রায় দশ যুবক। তাদের প্রত্যেকের কাছেই ছিল ধারালো অস্ত্র। কুয়াশার রাতে কোনও গাড়ি কিংবা বাড়িতে হানা দেওয়ার পরিকল্পনা ছিল এই ডাকাত দলের। ডাকাতদলের প্রত্যেকেই নেশায় আসক্ত ছিল। খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিস এলাকায় যেতেই পালিয়ে যায় ডাকাতদল। দুজনকে ধরে থানায় নিয়ে আসা হয় বলে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানান। এর আগেও কালিয়াগঞ্জে আগস্ট মাসের শেষে মদনপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়েছিল কালিয়াগঞ্জ থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছিল ৬ জনকে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ