সংবাদদাতা, বর্ধমান: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের নাম আশরাফুল শেখ, আয়নাল শেখ, বিল্লাল শেখ ও ইলিয়াস শেখ। নাদনঘাট থানার নসরতপুর আদর্শপল্লিতে আশরাফুলের বাড়ি। কালনা থানা এলাকায় আয়নালের বাড়ি। নাদনঘাট থানার সমুদ্রগড়ের ডাঙাপাড়ায় বিল্লালের বাড়ি। নাদনঘাট থানা এলাকাতেই ইলিয়াসের বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে জিটি রোডে সোবনা মোড়ের পাশে যাত্রী প্রতীক্ষালয়ে কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিস ওই চারজনকে ধরে। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে লোহার রড, পাইপ, লাঠি, নাইলনের দড়ি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৭ ডিসেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।



