Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ-পূর্ব রেলের জিএমকে নালিশ জানালেন বিজেপি নেতা

দক্ষিণ-পূর্ব রেলের জিএমকে নালিশ জানালেন বিজেপি নেতা
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরুলিয়া: ঝালদা স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজে ধীর গতি নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ক্ষোভের কথা জানালেন খোদ বিজেপি নেতা। দলের জেলা কমিটির সদস্য তিনি। রেলের জেনারেল ম্যানেজারকে সামনে পেয়ে অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে বলে অভিযোগ করেন। সেই সঙ্গে সংলগ্ন একটি রাস্তাতে নিম্নমানের কাজ শুরু হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। গোটা বিষয়টি মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিলকুমার মিশ্র। 
Advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, রেলের জেনারেল ম্যানেজার বুধবার পুরুলিয়ার একাধিক স্টেশন পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন জায়গাতে রেলের কাজও পরিদর্শন করেন। রেল আধিকারিকদের পাশাপাশি পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতও তাঁর সঙ্গে ছিলেন। পরিদর্শনের সময় একাধিক বিষয়ে এমপির সঙ্গে জেনারেল ম্যানেজারের কথাও হয় বলে জানা গিয়েছে। ঝালদা স্টেশন পরিদর্শনের  সময়ে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা মৃণা কান্তি মুখোপাধ্যায়। তিনি ঝালদা স্টেশনের একটি কমিটিরও সদস্য। স্টেশনের বিভিন্ন দিকে পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারকে কাছে পেয়ে অমৃত ভারত প্রকল্পের কাজে ধীরগতির বিষয়ে অসন্তোষের কথা জানান মৃণালবাবু। 
তিনি বলেন, ঝালদা স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ প্রায় এক বছর আগে শুরু হলেও অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে। বিষয়টি জেনারেল ম্যানেজারকে জানিয়েছি। ধীরগতিতে কাজ হয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে সব্জির ক্রেতা বিক্রেতারাও সমস্যায় পড়ছেন নিত্যদিন। তাছাড়া স্টেশনে ঢোকার মুখে একটি রাস্তাতে নিম্নমানের কাজ শুরু হয়েছিল। সে সময় বিষয়টি এজেন্সির কাছে অভিযোগ করেছিলাম। ওই নিম্নমানের কাজের বিষয়টি জেনারেল ম্যানেজারকে জানিয়েছি। পরে অবশ্য ওই এজেন্সি কাজটা ঠিক করে করে দিয়েছিল। তাছাড়া ফুট ওভার ব্রিজের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে যে ব্যবসায়ীরা স্টেশন চত্বরে ছোটখাট দোকান করেন তাদের বিষয়টিও সহানুভূতির সঙ্গে দেখার অনুরোধ করা হয়েছে। সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন জিএম। রেল সূত্রে জানা গিয়েছে, পরিদর্শনের সময় কাজের ধীর গতি নিয়ে অভিযোগ শোনার পরই উষ্মা প্রকাশ করেন জেনারেল ম্যানেজার নিজেও। তিনি সেখানে দাঁড়িয়েই বলেন, এজেন্সি কাজ না করলে ওই এজেন্সিকে বাদ দিয়ে দিন।  পেনাল্টি করেছেন কি? দ্রুত কাজ শেষ করতে হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বলেন, এদিন একাধিক জায়গার কাজ পরিদর্শন করা হয়েছে। 
পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই এই ডবল লাইন চালু হয়ে যাবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ ধীর গতিতে চলার বিষয় তিনি বলেন, বিষয়টি দেখছি। ঝালদা স্টেশনের কাজ একটু ধীর গতিতে চলছে। 
যাতে দ্রুত কাজ শেষ করা হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পুরুলিয়া থেকে পরিদর্শন শুরু করে কোটশিলা সহ অন্যান্য স্টেশনে পরিবর্তন করা হয়। সেইসঙ্গে এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলে তাদের অভাব অভিযোগ শুনেছেন জিএম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ