নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুর ব্লকের হেতমপুরে দক্ষিণাকালীর অষ্টমঙ্গলা পুজোয় মাতল এলাকার বাসিন্দারা। কথিত আছে, আনুমানিক ১৫০-২০০ বছর আগে কোনও এক সিদ্ধপুরুষ এখানে সাধনা করেন। তারপর হেতমপুরের মহারানি পদ্মসুন্দরী স্বপ্নাদেশ পান এখানে মা দক্ষিণাকালীর অবস্থানের বিষয়ে। তারপর তিনি মায়ের পুজো ধূমধামের সঙ্গে শুরু করেন। মহারানি চেয়েছিলেন, ওখানে একটি মন্দির তৈরি করে দিতে। কিন্তু পরে তিনি আবার স্বপ্নাদেশ পান মা মন্দিরের মধ্যে থাকতে নারাজ। তারপর থেকে এখানে কোনও মন্দির হয়নি। কথিত আছে, এখানকার মা অন্ধকারে থাকতে পছন্দ করেন। সেজন্য শীলামুর্তি মায়ের কাছে কোনরকম আলোর ব্যবস্থা থাকে না। শতাধিক বছর ধরে তিনি অন্ধকারেই বিরাজ করেন। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণাকালীর অষ্টমঙ্গলার অনুষ্ঠানের পুজোপাঠ, হোমযজ্ঞ চলে।



