Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ দিনাজপুরে তালিকায় যোগ্য ৭১ হাজার ৯৭২জন

দক্ষিণ দিনাজপুরে তালিকায় যোগ্য ৭১ হাজার ৯৭২জন
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবেদন। চাকরি করলেও ঘর পাওয়ার চেষ্টা। দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে আবাস পাওয়ার ক্ষেত্রে এমন সব আবেদন জমা পড়েছে ভুরি ভুরি। সার্ভে করার পর আরও একাধিক কারণে প্রায় সাড়ে নয় হাজার আবেদন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে যোগ্যদের চূড়ান্ত তালিকাও তৈরি। প্রায় ৭২ হাজার উপভোক্তার নাম দ্রুত প্রকাশ করতে চলেছে জেলা প্রশাসন। তবে বঞ্চিতদের রিভিউ জানানোর সময় দেওয়া হবে বলে জানা গিয়েছে। জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, চূড়ান্ত তালিকা হয়ে গিয়েছে। সেটি  রাজ্যে পাঠানো হবে। সার্ভে চলাকালীন নানা অসঙ্গতি উঠে এসেছিল বলে কিছু নাম বাদ গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, জেলায় বাংলার আবাস যোজনার তালিকায়  ৮৩ হাজার ২৭৬ জনের নাম ছিল। তাদের মধ্যে ৭১ হাজার ৯৭২ জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন। বাকি ৯ হাজার ৪৬৯ জনকে বাতিল করা হয়েছে। যদি কারও অভিযোগ বা আপত্তি থাকে, তাহলে ৩ ডিসেম্বরের মধ্যে জানাতে পারবেন প্রশাসনকে। জেলাজুড়ে একমাসের বেশি সময় ধরে কয়েক দফায় ওই সার্ভে করা হয়। প্রথমে পঞ্চায়েত ও ব্লক স্তরে, পরে পুলিসও একবার সমীক্ষা করে। সবশেষে জেলাশাসক, এসপি, এসডিও, বিডিও স্তরে সার্ভে তথা সুপার চেকিং করা হয়। সার্ভেতে নানা দিক উঠে এসেছে। দেখা গিয়েছে কেউ যোগ্য হয়েও দীর্ঘদিন আবাস থেকে বঞ্চিত রয়েছেন। আবার অনেকের পাকা বাড়ি, সরকারি চাকরি থাকা সত্ত্বেও নতুন করে আবেদন করেছিলেন। 
Advertisement
সার্ভের মাধ্যমে এমন বহু মানুষের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ২০১৭ সালে এই আবেদন করা হয়েছিল। দীর্ঘদিন পর অনেকেই পাকা বাড়ি করে ফেলেছেন, কেউ কেউ চাকরিও পেয়ে গিয়েছেন। সেসব নামই বাতিল করা হয়েছে। এছাড়া বেশকিছু আদেনকারীর কোনও হদিশ পাওয়া যায়নি। তবে বিজেপি এই আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে। জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর বক্তব্য, তৃণমূল নেতৃত্ব প্রশাসনের সঙ্গে যোগসাজেশ করেই দলের কর্মীদের ঘর দিয়েছে। পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকির মন্তব্য, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। 
সম্পর্কিত সংবাদ