সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পদ নিয়ে ফের বিতর্ক বালুরঘাটে। জেলা প্রশাসন একই মেমো নম্বরে দুই সম্পাদককে চিঠি দেওয়ার পর দড়ি টানাটানি শুরু হয়েছে ‘দুই’ সম্পাদকের। পুর্বতন সম্পাদক অমিতাভ ঘোষের দাবি, তিনি এখনও ওই পদে বহাল রয়েছেন। তাঁর অভিযোগ, অবৈধভাবে নতুন সম্পাদক নির্বাচন হয়েছে। সেই কমিটিও অবৈধ। যদিও নতুন সম্পাদক সুজয় ঘোষের দাবি, সমস্ত আইন মেনেই নতুন কমিটি এবং সম্পাদক নির্বাচিত হয়েছে। তবে জেলাপ্রশাসন ভুলবশত আগের সম্পাদককে একই চিঠি পাঠিয়ে দিয়েছে।
Advertisement
প্রশাসন অবশ্য চিঠি পাঠানো নিয়ে ভুল স্বীকার করে নতুন কমিটিকেই মান্যতা দিয়েছে। গত ২৬ নভেম্বর নতুন কমিটি নির্বাচনে জেলা প্রশাসনের আধিকারিকরাও ছিলেন। তবে সেখানে অমিতাভ ছিলেন না। তাই এদিন তিনি সাংবাদিক বৈঠক করে নিজেকে সম্পাদক বলে দাবি করেছেন। এবিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বেশিকিছু বলতে চাননি। তাঁর মন্তব্য, ওই চিঠি পাঠানোর ক্ষেত্রে একটু ভুল হয়েছে। এদিন অমিতাভ সাংবাদিক বৈঠক করে বলেন, গত ২৬ নভেম্বর যে কমিটি গঠন হয়েছে, তা সম্পুর্ণ অবৈধ। আমাদের জেলাশাসক তথা সভাপতি আমাকেই ডিএসএ-র সাধারণ সম্পাদক হিসেবে মর্যাদা দিয়ে চিঠি দিয়েছেন। পাল্টা নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সুজয় ঘোষ বলেন, গত ২৬ নভেম্বর সমস্ত আইন মেনেই কমিটি গঠন হয়েছে। শুনেছি, অমিতাভ ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাই আদালত যা বলবে, সেই মতোই সবকিছু হবে। তবে আমরা আইন মেনে জেলা প্রশাসনকে জানিয়ে ক্রিকেট লিগ চালু করেছি। উনি আগে সম্পাদক ছিলেন বলে ভুল করে চিঠি গিয়েছে। পরে আমার কাছে সঠিক চিঠি এসেছে।



