Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দোকান সরাতে গোঘাটে নোটিস পূর্তদপ্তরের

দোকান সরাতে গোঘাটে নোটিস পূর্তদপ্তরের
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাজ্য সড়কের ধার থেকে দখল সরাতে বুধবার বিকেলে নোটিস সাঁটাল পূর্তদপ্তর। গোঘাটের কামারপুকুর ডাকবাংলো এলাকায় বিভিন্ন দোকানের দেওয়ালে নোটিস সাঁটানো হয়েছে। তাতে আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা দখল মুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন  সেখানকার বহু ব্যবসায়ী। 
Advertisement
উল্লেখ্য, সরকারি জায়গার দখল রুখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। নতুন করে দখল হলে তা দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিভিন্ন প্রশাসনিক দপ্তর সরকারি জায়গা দখলমুক্ত করতে তৎপরতা শুরু করেছে। 
পূর্তদপ্তরের(সড়ক) এক বাস্তুকার বলেন, কামারপুকুর ডাকবাংলো মোড় এলাকায় বেআইনি দখলদারি রয়েছে। সেখানে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। প্রশাসন চাইছে বেদখল জমি পুনরুদ্ধার করতে। তাই আগামী ১৫ দিনের মধ্যে রাস্তার জমি দখলমুক্ত করতে সেখানে নোটিস দেওয়া হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় চা, মুড়ি, স্টেশনারি, হোটেল, সেলুন সহ নানা দোকান রয়েছে। অনেকেই দীর্ঘদিন ধরে সেখানে দোকানগুলি চালাচ্ছেন। ওইদিন বিকেলে সেইসব দোকানের দেওয়ালে নোটিস সাঁটায় পূর্ত দপ্তর।  
সম্পর্কিত সংবাদ