Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দখলমুক্ত হয়নি জোড়া সার্ভিস রোড পুরাতন মালদহ শহরে ভোগান্তি

দখলমুক্ত হয়নি জোড়া সার্ভিস রোড পুরাতন মালদহ শহরে ভোগান্তি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের বুলবুলচণ্ডী মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। ওই রুটে নারায়ণপুরগামী রাস্তার ডান এবং বাম দিকে আলাদা করে দু’টি সার্ভিস রোড করার কাজ এগিয়ে গিয়েছে। কিন্তু সার্ভিস রোডগুলি এখনও দখলমুক্ত হয়নি। 
Advertisement
রাস্তার সিংহভাগ জুড়ে একাধিক দোকান। লরি দাঁড়িয়ে থাকছে। বাসিন্দাদের দাবি, রাস্তার কাজ হচ্ছে ভালো কথা। কিন্তু পূর্ত দপ্তরের রাস্তা দখলমুক্ত করা হোক। তাহলে মানুষের চলাফেরা করতে আরও সুবিধা হবে। শহরের বাসিন্দা অরূপ ঘোষ বলেন, ব্যবসায়ীদের একটা অংশ রাস্তা দখল করে ব্যবসা করছে। 
এতে তাদের লাভ। আমাদের মতো রোজ এই রাস্তা ব্যবহারকারীদের জন্য খুবই অসুবিধা। প্রায়ই যানজট হচ্ছে। পুরসভার মঙ্গলবাড়ির রাস্তাটি বেশ গুরুত্বপূর্ণ। ইংলিশবাজার সহ পুরাতন মালদহের নানা এলাকায় যেতে হলে এই রাস্তার উপরে শহরের সবাই নির্ভরশীল। পূর্ত দপ্তরের উদ্যোগে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। পূর্ত দপ্তরের মালদহের জুনিয়র ইঞ্জিনিয়ার সুধীন বন্দ্যোপাধ্যায় বলেন, বাঁদিকে সার্ভিস রোডে পেভার ব্লক বসানো হয়েছে। এর আগে রাস্তা পরির্দশন করেছিলাম। ট্রাফিক পুলিস প্রয়োজনীয় ব্যবস্থা করেনি। 
পূর্ত দপ্তরের ওই আধিকারিক বলেন, শহরের মেন রোড দিয়ে লরি সহ বড় যানবাহন চলাচল করবে। বাকি দু’টি রোড ধরে টোটো, অটো, বাইক, সাধারণ মানুষ চলাচল করবেন। মালদহ ট্রাফিক পুলিস জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। 
সম্পর্কিত সংবাদ