নিজস্ব প্রতিনিধি, মালদহ: দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে ঝাঁপাল প্রশাসন। বৃহস্পতিবার শহরের ২৫ নম্বর ওয়ার্ডে ঘোড়াপীর থেকে শুরু করে ইংলিশবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি পর্যন্ত আরও একাধিক বেদখল হওয়া সরকারি জমি চিহ্নিত করল প্রশাসন। ইতিমধ্যে সরকারি আম বাগানের ১৪ বিঘা জমি দখলমুক্ত করেছে প্রশাসন। মালদহ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ ফিরোজ শেখ বলেন, আমরা জানতে পেরেছি, এই জমিগুলি জেলা পরিষদের। আগেও আমরা সরেজমিনে খতিয়ে দেখতে সভাধিপতিকে নিয়ে এসেছিলাম। এদিন আমরা বিএলআরও সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এখানে এসেছি।
Advertisement
ইংলিশবাজার শহরের দিক থেকে মালদহ - মানিকচক রাজ্য সড়ক ধরে কিছুটা এগিয়ে গিয়ে বাঁদিকে সরকারি জমিগুলি রয়েছে। শহরের ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায় বিমানবন্দরের উল্টো দিক থেকে বাগবাড়ি পর্যন্ত কয়েক কিমি এলাকাজুড়ে সরকারি জমি রয়েছে। এখানে অধিকাংশ জমিই জবরদখল হয়ে আছে। কোথাও ইটের গাঁথুনি করে পাকা বাড়ি তোলা হয়েছে। কোথাও আবার পাকা দোকান ঘর তৈরি করা হয়েছে। পূর্ত কর্মাধ্যক্ষ জানান, এখানে ১০ বিঘার মতো জায়গা জবরদখল হয়ে আছে। মালদহে সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়ার একটি চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। জমি মাফিয়াদের বাড়বাড়ন্তে আম বাগানও কেটে ফেলা হচ্ছে। সম্প্রতি কাজি গ্রাম পঞ্চায়েতের অধীনে আম বাগানের সরকারি জমি দখলমুক্ত করে প্রশাসন। মালদহের সদর মহকুমা শাসক কখনও ইংলিশবাজার, কখনও আবার গাজোলে গিয়ে সরকারি জমি দখলমুক্ত করেন।



