নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ২৯ লক্ষ টাকা খোয়ালেন শিলিগুড়ির এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর বাড়ি শহরের চম্পাসারিতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাছে ভিডিও কল করে এক প্রতারক। সে ওই অবসরপ্রাপ্ত সরকারী কর্মীকে জানায়, প্রশাসনিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ে তাঁর নাম জড়িয়েছে। এখন তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। এই গ্রেপ্তারি এড়াতে হলে কয়েক লক্ষ টাকা দিতে হবে। এই ফাঁদে পা দিয়ে ওই অবসরপ্রাপ্ত কর্মী নভেম্বর মাসে দু’দফায় প্রতারকের দেওয়া দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৯ লক্ষ টাকা প্রদান করেন। গত ২ ডিসেম্বর ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।



