বহরমপুরে তারস্বরে ডিজের দাপট,  অতিষ্ঠ শহরের বাসিন্দারা , নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে চলছে, উঠছে প্রশ্ন
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার রাত তখন প্রায় সাড়ে ১২টা। খাগড়া শ্মশান পার করেই ভাগীরথীর ধারে তারস্বরে ডিজে বক্স বাজছে। তালে তালে একদল যুবক যুবতী ভৈরব পুজো মণ্ডপের সামনে দু’হাত তুলে উত্তাল নাচছে। কোনো বিসর্জনের আয়োজন নয়। প্রায় এক সপ্তাহ আগে শহর ও সংলগ্ন এলাকা জুড়ে যে ভৈরব পুজোর আয়োজন হয়েছিল তার রেশ এখনও চলছে। 

Advertisement

একই ছবি দেখা গেল সৈদাবাদ মোহন রায় পাড়ায়। ভৈরব পুজোর আনন্দে সোমবার গভীর রাতে পাড়ার মধ্যে তারস্বরে বাজল ডিজে বক্স। বিরক্ত বাসিন্দাদের একাংশের দাবি, এক সপ্তাহ ধরে এটাই চলছে। পাশাপাশি প্রতিদিন কোনো না কোনো ভৈরবের বিসর্জনের শোভাযাত্রা বের হচ্ছে। আর সেখানেও তারস্বরে বক্স ও ডিজের দাপটে নাজেহাল হতে হচ্ছে  বহরমপুরের বাসিন্দাদের। পুলিশ প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা জারি থাকা সত্ত্বেও রবিবার ও সোমবার রাতে কীভাবে একের পর এক শোভাযাত্রায় ও পুজো মণ্ডপে রাতভর তারস্বরে বক্স বাজল, তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সোমবার শেষমেশ তিনটি পুজো কমিটির সাউন্ড সিস্টেম ও বক্স সিজ করেছে বহরমপুর থানার পুলিশ। তারপরও ওই রাতে শহরের কিছু কিছু মণ্ডপে দেদার বক্স বাজানো হয়েছে বলে অভিযোগ। 
ভৈরব পুজোর পাশাপাশি বজরংবলী ও কার্তিক পুজোর বিসর্জনের শোভাযাত্রাও বেরয়। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন একাধিক জায়গায় তারস্বরে বক্স বাজানো হয়। প্রশ্ন তৈরি হয়েছে পুলিশের নজরদারি ও তৎপরতা নিয়ে। দুর্গাপুজোর সময় পুলিশ ঘোষণা করেছিল, পুজো বা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। ডেকরেটর, সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ও পুজো কমিটিগুলিকে সতর্কও করা হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল তারস্বরে মাইক বা বক্স বাজানো। তাহলে ভৈরবের শোভাযাত্রা চলাকালীন বক্স বাজানোর সুযোগ কীভাবে পাচ্ছে এই পুজো কমিটিগুলি? আর পুজো মণ্ডপে তারস্বরে বক্স বাজতে শুরু করার পর কেন বন্ধ করা গেল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ জেলা পুলিশের দাবি, প্রথম থেকেই সচেতনতা ও সতর্কতা প্রচার চালানোয় এবার শব্দবাজি, ডিজে ও তারস্বরে বক্স বাজানোর দাপট বরাবরের তুলনায় কম ছিল।
বহরমপুরের বাসিন্দা সমিত মণ্ডল বলেন, অনেক রাত অবধি বক্স বাজানো হচ্ছে। এটা ঠিক নয়। সৈদাবাদের এক বাসিন্দা বলেন, পাড়ার মধ্যে পুজো হয়। এখানে বড়ো বড়ো বক্স বাজলে ঘরের দরজা জানলা বন্ধ করেও শব্দ রোখা যায় না। খুব সমস্যায় পড়তে হচ্ছে। আরও এক বাসিন্দা বেণীমাধব ঘোষ বলেন, এক সপ্তাহ আগে পুজো হয়েছে। অনেকেই প্রতিমা রেখে দিয়েছে। তাই বলে প্রতিদিন রাতে বক্স বাজানো ঠিক নয়। এই ব্যাপারে পুলিশের নজর দেওয়া উচিত।