প্যারিস: ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে টেনিস শিল্পকে আইফেল টাওয়ারের উচ্চতায় তুলে ধরলেন নোভাক জকোভিচ। জার্মানির আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে সাম্প্রতিক কালের সেরা ম্যাচ খেললেন জোকার। প্রথম গেমে হেরেও শেষ চারে জায়গা পাকা করলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সেই সুবাদে রোলাঁ গারোয় জিতলেন ১০১তম ম্যাচ। সঙ্গে ট্রফি জয়ের সেঞ্চুরির দিকে আরও এক কদম এগলেন জকোভিচ। তাঁর পক্ষে খেলার ফল ৪-৬, ৬-৩, ৬-২, ৬-৪। শুক্রবার সেমি-ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ শীর্ষ বাছাই জানিক সিনার। এই ম্যাচের দিকে নজর টেনিস দুনিয়ার।
ঘণ্টায় ২০৮ কিলোমিটার গতিতে সার্ভিস দিয়ে শুরু করেছিলেন জেরেভ। তবু ৪৯ মিনিট লাগে তাঁর প্রথম সেট জিততে। এই পর্বে জার্মান তারকার বিরুদ্ধে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় জোকারকে। দ্বিতীয় সেটের শুরুতে জেরেভের সার্ভিসের গতি বেড়ে দাঁড়ায় ঘণ্টায় ২১৮ কিলোমিটার। কিন্তু তা বিফলে গেল জকোভিচ ম্যাজিকের সামনে। দু’বার ব্রেক পয়েন্ট ছিনিয়ে নিলেন সার্বিয়ান মহাতারকা। শুধু কী তাই, পরিকল্পনা করে জেরেভকে বেস-লাইনের ফাঁদে ফেলে বারবার পয়েন্ট কাড়লেন তিনি। লাল সুরকির কোর্টে তখন শুধুই জোকার রাজ। ব্যাক হ্যান্ড থেকে ফোর হ্যান্ড, নেট প্লে থেকে ওভার দ্যা হেডে নাস্তানাবুত করে দিলেন জার্মান তারকাকে। দ্বিতীয় সেট ৪০ মিনিটে জিতলেও জোকার তৃতীয় সেটের দখল নিলেন মাত্র ২৫ মিনিটেই। তবে ছাড়ার পাত্র ছিলেন না জেরেভেও। অন্তিম সেটে ফের কিছুটা লড়াই চালান তিনি। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে জয়ের গন্ধ পেয়ে গিয়েছেন সার্বিয়ান মহাতারকা। ম্যাচ জিতে জোকারের মন্তব্য, ‘দরুণ একটা লড়াই উপভোগ করলাম। জেরেভ ভালো খেলেছে। বেশ কয়েকবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আমাকে। তবে আজ দিনটা ছিল আমার।’