নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পুজো পর্বে ভাটপাড়াকে শান্ত রাখতে বৈঠকে বসল বারাকপুর পুলিস কমিশনারেট। মঙ্গলবার ভাটপাড়া থানার পুলিসের পক্ষ থেকে ১৮৫টি পুজো কমিটিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে পুলিসের পক্ষ থেকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কতগুলি প্রস্তাব দেওয়া হয় এবং সকলকে অনুরোধ রাখা হয়। যার মধ্যে অন্যতম ছিল, পুজোয় কোথাও ডিজে সাউন্ড বক্স বাজানো যাবে না। সেটি একেবারে নিষিদ্ধ।
প্রতিটি পুজো কমিটিকে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাবগুলির স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়াতে হবে। রাতেও পাহারার ব্যবস্থা করতে হবে। বহিরাগত উৎপাত বা গোলমালের আশঙ্কা টের পেলে সঙ্গে সঙ্গে পুলিসকে জানাতে হবে। কেউ কোথাও গোলমালে জড়াবেন না বলে পুলিসের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিকে অনুরোধ করা হয়েছে। বৈঠকে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ এবং সিআইসি মেম্বাররা ছিলেন। ছিলেন বিদ্যুৎদপ্তর, পূর্তদপ্তর এবং দমকলের আধিকারিকরা।
দেবজ্যোতি ঘোষ বলেন, দুর্গাপুজোর প্রসার বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছেন। এছাড়া বিদ্যুৎ সহ নানা ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিসের সমস্ত নির্দেশ প্রতিটি পুজো কমিটিকে পালন করার জন্য তিনি অনুরোধ করেন। তিনি বলেন, ভাটপাড়া সম্পর্কে মানুষের যে ধারণা এবারের পুজোয় আপনারা তা বদলে দিন। বাইরের মানুষ আসুক ভাটপাড়ায় পুজো দেখতে। শান্তি থাকুক ভাটপাড়াতে। -নিজস্ব চিত্র